 |
| ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ শনিরআখড়া এলাকায় জামায়াত-শিবির কর্মীরা উপুর্যপরি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
রায়েরবাগের একটি গলি থেকে ৩০/৪০জন জামায়াত-শিবির কর্মীরা রাস্তায় উপুর্যপরি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে।
এরপর তারা রাস্তার উপর টায়ারে আগুন ধরিয়ে দেয়।
ৠাব ও পুলিশ যৌথভাবে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে এক অভিযানে এলাকা থেকে জামায়াত-শিবির সন্দেহে ৮ জনকে আটক করা হয়।
এসময় র্যাবের হাতে আটক নাজিম ও মোস্তফা কামাল জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে মামা শহিদুল ইসলাম দাবি করেন। তিনি তাদের মুক্তির দাবিও জানান।
র্যাব-১০ এর ক্যাপ্টেন মাহফুজুর রানা বলেন, “আমরা ঘটনাস্থল থেকে তাদের আটক করেছি।”
আটককৃতরা জামায়াত-শিবিরের কর্মী কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, “তদন্তে তারা জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় তাদের ছেড়ে দেওয়া হবে।”
এদিকে যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর দ্বিপ বাংলানিউজকে বলেন, “৩০ থেকে ৪০ জনের একটি দল অর্তকিতভাবে ককটেল বিষ্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছি।”
তিনি আরও বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে দেওয়া হবে না।”
এদিকে, জামায়াত-শিবিরের এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
আইএ/এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/এমএম/জেডএম/