 |
| ছবি :কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
দাওয়াতপত্রে লেখা ছিল ২২ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে নির্মাতা রেদওয়ান রনির বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। অফিসার্স ক্লাবে সন্ধ্যা ৭টা থেকেই অতিথিরা আসতে শুরু করেন। অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলায় আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠানের। নীচ তলায় অন্য একটি বিয়ের অনুষ্ঠান চলছিলো। তবে ভুল করে অনেকেই সেখানেও চলে গিয়েছিলেন। দ্বিতীয় তলায় এসে ভুল ভাঙ্গে সবার। সানাইয়ের সুর বেজে চলছে একটানা।
অতিথিরা ফুল আর উপহার নিয়ে একে একে আসছেন। সবার অপেক্ষা বর কখন আসবেন। অপেক্ষার পালা শেষ করে রনি বর সেজে রাত ৯টা ৩০ মিনিটে আসলেন। তাকে সঙ্গে নিয়ে আসলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। আর সঙ্গে ছিলেন রনির বন্ধু-বান্ধব ও তার সহকারি পরিচালকদের কয়েকজন। রনি পাত্র-পাত্রীর মঞ্চে বসার পরেই আসলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি রনি ও তার স্ত্রী প্রেমাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এর পর এক এক করে তারকা শিল্পীরা মঞ্চে এসে এই নব দম্পতিকে শুভেচ্ছা জানান। তাদের সঙ্গে ছবি তুলেন কথা বলেন। নানা আনন্দ করেন তারা। অন্য দিকে চলছে বিয়ের খাওয়া দাওয়া। হাজার মানুষের হাজার কথার মাঝে সানাই কিন্তু বেজেই চলছিলো বিরতিহীনভাবে।
মঞ্চে আসেন আসাদুজ্জামান নূর, আনিসুল হক, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, হাসান মাসুদ, জয়া আহসান, শখ, স্বাগতা, তাহসান, কনা, বাপ্পি আশরাফ, আসুতোষ সুজন, দীপক, তালিম, মনিরা মিঠু, সালেহীন স্বপন, জয়ন্ত রোজারিও, পল্লব বিশ্বাস, মীরাক্কেলের রনি, জামিল, ইশতিয়াক। এবং দুই পরিবারের সদস্য ছাড়াও চলচ্চিত্র, নাটক, সংগীত অঙ্গনের শিল্পী ও কলাকুশলিরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
অভিনেতা হাসান মাসুদ এবং ইরেশ যাকেরকে এ অনুষ্ঠানে ফটোগ্রাফারের ভূমিকায়ও দেখা যায়। তারা দু`জনই নিয়মিত ছবি তুলেন তাই বিয়ের অনুষ্ঠানেও তারা চলে আসেন ক্যামেরা সঙ্গে নিয়ে।

চলতে থাকে কথা, গল্প আর খাওয়া। রাত বাড়তে থাকে। সকলের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন এই নব দম্পতি।
এর আগে ১৭ ও ১৯ জানুয়ারি রনি-প্রেমার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ২১ জানুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
পাত্রী আয়শা আহমেদ প্রেমা মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে পড়াশোনা করছেন। রনি-প্রেমার মধ্যে প্রেম চলে দীর্ঘ চার বছর ধরে।
সম্প্রতি মুক্তি পেয়েছে রনি পরিচালিত প্রথম ছবি চোরাবালি, এছাড়া রনি পরিচালিত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে এফএনএফ, হাউজফুল, রেডিও চকলেট অন্যতম। এছাড়াও তিনি প্রচুর একক নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন। তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল পরিবারের একজন সদস্য।
বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
জিআর