ঢাকা: ‘আমদানি নীতি আদেশ ২০১২-২০১৫’ অনুমোদন করেনি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির বৈঠকে নীতিমালাটি পর্যালোচনা করে পরবর্তীতে আবার উপস্থাপনের জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, চিনি রফতানির প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয় উপস্থাপন করেনি। অন্যদিকে বেসরকারি কমিশনের চেয়ারম্যান বৈঠকে উপস্থিত না থাকার কারণে আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট চারটি প্রস্তাব উপস্থাপিত হয়নি।
এগুলো হচ্ছে: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বস্ত্রকলের অবসায়ন কার্যক্রম সম্পাদনে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ‘বিক্রয় ব্যবস্থাপনা সেল’ গঠন অনুমোদন, বেসরকারিকরণ কমিশনের বিক্রয় তালিকা থেকে ‘মনোয়ার জুট মিলস লিমিটেডের নাম প্রত্যাহার অথবা বিজেএমসি’র কাছে ফেরত প্রদান, দরপত্রের মাধ্যমে ৩১ কোটি টাকায় মাগুরা টেক্সটাইল মিলস এবং ২৯ কোটি ১০ লাখ টাকায় রাঙ্গামাটি টেক্সটাইল মিলস বিক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
তিনি জানান, বৈঠকে দুটি বিষয় অনুমোদিত হয়েছে। এ দু’টি বিষয় হচ্ছে: পিপিপি’র আওতায় ‘হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ’ ও ‘যাত্রাবাড়ী-সুলতানা কামাল সেতু-তারাব’ এ সড়ক দুটির চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের নীতিগত অনুমোদন এবং পিপিপি প্রকল্পে প্রদেয় সরকারি আর্থিক সহায়তা প্রদানের নামকরণ ‘ইভিএফ’-এর পরিবর্তে ‘ভিজিএফ’ অপরিবর্তিত রাখা।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘন্টা, জুলাই ১৯, ২০১২
এসআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর