 |
| ছবি: রুবেল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দলীয় সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বর্তমান সরকারের যদি থেকেও থাকে, তবে তা তারা মানবেন না, বরং প্রত্যাখ্যান করবেন।
জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনাসভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, ``প্রধানমন্ত্রী মৌলিক বিষয়ে একমত হয়ে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের ঘোষণা দেন তাহলেই আমরা আলোচনায় রাজি আছি। সংঘর্ষ-সংঘাত এড়াতে চাইলে সমঝোতায় আসতে হবে।``
``এ ধরণের সমঝোতার পদক্ষেপ নেওয়া হলে আর কঠোর কর্মসূচির প্রয়োজন পড়বে না``-- মন্তব্য করেন মওদুদ।
জাসাস সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার, আবদুল ইউসুফ হায়দার, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মওদুদ বলেন, ``রাজনীতিতে জেদের কোনো স্থান নেই। যতো তাড়াতাড়ি এটা উপলব্ধি করবেন ততোই মঙ্গল। নইলে পরে আপসোস করতে হবে।আপনারা উদ্যোগ নিলে আমরা সাড়া দেবো। জনগণ স্বস্তিতে যেন ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।``
``আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা আজ হুমকির মুখে`` মন্তব্য করে তিনি বলেন, ``গণতন্ত্রের মৌলিক উপাদান আইন বিভাগ, বিচার বিভাগ আজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জাতীয় দায়িত্ব গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করা। নয়তো রাষ্ট্র দুর্বল হয়ে যাবে। ব্যর্থ হয়ে যাবে।``
মওদুদ বলেন, ``গণতন্ত্রের সুবিধা গ্রহণের জন্য জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যেতে গণতন্ত্রের কথা সরকার মুখেই বলে থাকে, কিন্তু মন থেকে বিশ্বাস করে না।``
সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে তিনি বলেন, ``সুরঞ্জিত আগে নীতির কথা বলতেন। আজ তিনি নীতিহীন হয়ে গেছেন।``
এ সময় জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ৩, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর