 |
রাজশাহী: রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটের এক ব্যবসায়ী ৫৫ হাজার টাকাসহ নিখোঁজ হয়েছেন। তার নাম শরীফ আলী (৩৮)। তিনি নগরীর হেতেম খাঁ এলাকার বাসিন্দা।
গত বুধবার থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড়ভাই মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃহস্পতিবার সকালে অপহরণের মামলা করেছেন।
পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করে। বিকেলে তাদের দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
নিখোঁজ ব্যবসায়ীর শরীফ আলীর পারিবারিক সূত্র জানায়, বুধবার বিকেল ৫টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ধারণা করছেন, তাকে কৌশলে অপহরণ করা হয়ে থাকতে পারে।
মহানগরীর আরডিএ মার্কেটের শরীফ গার্মেন্টসের মালিক শরীফ ব্যবসা সংক্রান্ত কাজের জন্য স্থানীয় চপল ও রিপন নামের দু’জনের সঙ্গে টাকার লেনদের করতেন। শরীফের কাছ থেকে টাকা পেতেন চপল। এ নিয়ে শরীফকে কয়েকদফা হুমকি দিয়েছেন তিনি।
হুমকির পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৫টার দিকে ৫৫ হাজার টাকা নিয়ে চপলকে দিতে যান শরীফ। এরপর থেকেই শরীফকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এদিকে, মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চপল ও রিপনকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তারা মুখ খোলেনি।
এ ঘটনায় শরীফের বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে চপল ও রিপনকে আসামি করে থানায় মামলা করেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতেই ব্যবসায়ীকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।
তিনি জানান, দু’জন আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো তথ্য না দেওয়ায় বৃহস্পতিবার তাদের দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শিগগিরই নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৪ মে, ২০১২
শরীফ সুমন
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর