ঢাকা: রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়ায় টাটকা, সস্তা ও ফরমালিনমুক্ত সমবায় বাজারের পথচলা শুরু হয়েছে বুধবার।
সমবায় বাজারটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
সমবায় বাজারটির মূল লক্ষ্য, সমবায়ীদের মাধ্যমে উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ভোক্তার হাতে তুলে দেওয়া, যাতে করে মধ্যবিত্তরা সস্তায় পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সমবায় বাজারে যে সমস্ত নিত্যপণ্য পাওয়া যাবে সেগুলো হলো, চাল, ডাল, শাক-সবজি, বিভিন্ন ধরনের মাছ, তেল, লবন, গরুর মাংস, মিল্কভিটাসহ যাবতীয় পণ্য।
বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটির লিমিটেডের ১২/১ মতিঝিলস্থ নিজস্ব জমিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি সমবায় বাজারের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. মিহির কান্তি মজুমদার, সমবায় অধিদফতরের নিবন্ধক মো: হুমায়ন খালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের সভাপতি মো: নজরুল ইসলাম বাবু এমপি।
নানক বলেন, প্রধানমন্ত্রীর প্রবল ইচ্ছা ছিল, যাতে করে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন। সেই ধারাবাহিকতায় আজকের এই সমবায় বাজার।
তিনি বলেন, সকল পণ্য স্বাভাবিক বাজারের তুলনায় অনেক কম দামে ক্রেতারা এ বাজার থেকে কিনতে পারবেন।
অনান্য বাজারের তুলনায় ৫০ শতাংশ কম দামে পণ্য কিনতে পারবেন ক্রেতারা।
তিনি বলেন, ‘‘ফরমালিন ও ভেজালমুক্ত পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে বলে আমরা আশা করছি। কারণ, সব পণ্যই সমবায়ীদের উৎপাদিত।’’
তিনি আরো বলেন, ভবিষ্যতে এ জায়গায় ৪০ তলা সমবায় টুইন টাওয়ার নির্মাণ করা হবে, যাতে করে সমবায়ের মাধ্যমে দেশের আরো বেশি উন্নয়ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের পরিচালক অ্যাড. শাহ আখতারুজ্জামান বাবু বলেন, ‘‘আমাদের কোনো জায়গা ভাড়া দিতে হবে না। সুতরাং আমরা অন্যান্য বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে পারবো।’’
তিনি আরো বলেন, ‘‘আমাদের বাজারের এসে ক্রেতারা ফরমালিনমুক্ত টাটকা ও সতেজ পণ্য কিনতে পারবেন।’’
তিনি আরো বলেন, ‘‘ক্রেতারা এখানে এসে লাভবান হবেন। তার একটাই কারণ, এ বাজারে ভেজাল পণ্যের কোনো স্থান নেই।’’
‘‘চারদিকে দ্রব্যমূল্য নিয়ে ক্রেতারা যে বিপাকে পড়েন এর হাত থেকে ক্রেতাদের পরিত্রাণ দেওয়ার জন্য আমাদের পথচলা শুরু।’’
সমবায় বাজারে গিয়ে দেখা গেছে, স্বাভাবিক বাজারের চেয়ে সব পণ্যের দাম সস্তা, টাটকা ও সতেজ।
এখানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৬০ টাকা, আলু ২২ টাকা, পটল ২৫ টাকা, লাউ ১৫ টাকা, পেঁপে ১২ টাকা, টমেটো ৬৫ টাকা ও কচুর লতি বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
কাঁচা সবজিসহ অনান্য নিত্যপণ্যের দামও স্বাভাবিক বাজারের তুলনায় অনেক কম।
বাজারের বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সদস্য মিজানুর রহমান বাংলানউজকে বলেন, ‘‘আমরা সরাসরি ক্ষেত থেকে পণ্য নিয়ে আসি বলে ক্রেতাদের কম দামে দিতে পারছি।’’
তিনি আরো বলেন, তাছাড়া এখানে কোনো ভাড়া লাগে না।
ক্রেতা শরিফুল ইসলাম বাংলানউজকে বলেন, ‘‘আমরা সমবায় বাজারে যেভাবে সস্তায় কাঁচা সবজিসহ বিভিন্ন পণ্য কিনতে পারছি, এটা যেন সব সময় চালু থাকে।’’
‘‘তাহলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য ভালো হবে।’’
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
এমআইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর