সিলেট: সিলেটে সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে ট্রাক শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধ করে গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তি দাবি করে অবরোধকারীরা। এতে ওই মহাসড়ক দিয়ে সিলেটের প্রবেশমুখ হুমায়ুন রশীদ চত্বরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রাত সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইকবাল শামা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ইফতারের পূর্ব মুহূর্তে নগরীর আম্বরখানায় ট্রাক চলাচল নিয়ে ট্রাক শ্রমিকরা এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করে। পরে পুলিশের অভিযানে নগরীর আম্বরখানা ও সোবহানীঘাট এলাকা থেকে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারসহ ১৫ জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এসএ/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর ও রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর