 |
ঢাকা: কঙ্গোর সশস্ত্র বিদ্রোহী গ্রুপ এম২৩’র নেতা বোসকো তাগান্দা এবং রুয়ান্ডার বিদ্রোহী নেতা সিলভেস্টার মুদাকুমুরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
যুদ্ধাপরাধ এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে অস্থিতিশীলতা উসকে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে বলে আইসিসি জানিয়েছে।
গত শুক্রবার আদালত ঘোষণা করে, কঙ্গোভিত্তিক রুয়ান্ডার হুতো বিদ্রোহী নেতা সিলভেস্টার মুদাকুমুরা এবং তুতসি কঙ্গো জেনারেল বোসকো তাগান্দা (টার্মিনেটর নামে খ্যাত) এদের উভয়ের বিরুদ্ধে পূর্বাঞ্চলে চলমান বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে। এ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং জাতিসংঘের অভিযোগ, তাগান্দার সঙ্গে সম্পর্কযুক্ত এম২৩ বিদ্রোহী গ্রুপকে রুয়ান্ডা অর্থ, অস্ত্র এবং সেনা দিয়ে সহায়তা করছে। এ গ্রুপটি ইতোমধ্যে কঙ্গোর পূর্বাঞ্চলের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ দখল করেছে।
আদালত আরো বলেছে, কঙ্গোর পূর্বাঞ্চলে উত্তর ও দক্ষিণ কিভুতে ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধে তাগান্দার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। সংগঠনে শিশু সেনা নিয়োগের কারণে ২০০৬ সালেই তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে গত মে মাসে তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ গঠন করা হয়।
অপর দিকে ৫৮ বছর বয়সী হুতো বিদ্রোহী নেতা মুদাকুমুরার বিরুদ্ধে নয়টি পৃথক ঘটনায় যুদ্ধপরাধের অভিযোগ রয়েছে। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে কিভুতে যুদ্ধাপরাধ করেছেন তিনি যার মধ্যে রয়েছে- বেসামরিকদের ওপর হামলা, হত্যা, অঙ্গচ্ছেদন, নিষ্ঠুরতা, ধর্ষণ, সম্পদের ক্ষতি, লুণ্ঠন এবং ব্যক্তি মর্যাদার হানি।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর