ঢাকা: নির্ধারিত ১৫ শতাংশের বেশি কমিশন দেওয়ায় সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন পলিসি জারি ও নবায়ন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল গত ৪ জুলাই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ভিআইপি রোড শাখা পরিদর্শন করে। এসময় সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ওই শাখায় ১৫ শতাংশের চেয়ে বেশি কমিশন দেওয়ার প্রমাণ পায় পরিদর্শক দল।
এ লক্ষ্যে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে আইডিআরএ সদস্য নব গোপাল বণিক মো. নূরুল ইসলাম মোল্লা, মো. ফজলুল করিম ও ছাঈদ আহমেদ খানও উপস্থিত ছিলেন।
আর সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদ আনোয়ার খান ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক শাহ আলমও শুনানিতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ওই শাখা ব্যবস্থাপককে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পলিসি জারি ও নবায়ন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, ১৯৩৮ সালের আইনে এজেন্ট কমিশন দেওয়ার বিধান ছিল। ওই আইন অনুযায়ী ১০-১৫ শতাংশ হারে বীমা এজেন্টদের কমিশন দেওয়া হতো। কিন্তু ২০১০ সালের শুরুতে বীমা আইন, ২০১০ পাশ হয়ে তা গেজেট আকাওে বের হওয়ার পর থেকেই বিলুপ্ত হয়ে যায় পুরনো আইনটি।
এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি আইডিআরএ’র জারি করা এক প্রজ্ঞাপনে বেসরকারি সাধারণ বীমা খাতে চেকের মাধ্যমে শুধু এজেন্টদের কমিশন প্রদানের শর্ত আরোপ করা হয়, যা ১ মার্চ থেকে কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
আইডিআরএ প্রজ্ঞাপন জারি করার পর থেকেই কমিশনের হার নির্ধারণ করে দেওয়ার দাবি জানাতে থাকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। এ বিষয়ে দুইবার সংবাদ সম্মেলনও করে তারা।
এর প্রেক্ষিতে চলতি বছরের ১ এপ্রিল আইডিআরএ সাধারণ বীমা কোম্পানিগুলোর জন্য প্রিমিয়াম আয়ের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ কশিমন দেওয়ার নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
তবে অনিয়মতান্ত্রিক প্রতিযোগিতার কারণে আইডিআরএ’র নির্দেশনা অমান্য করে অনেক প্রতিষ্ঠান প্রিমিয়াম আয়ের ১৫ শতাংশের বেশি কমিশন দিয়ে আসছে। যা কোম্পানির আর্থিক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে ও মুনাফা কমে যাচ্ছে। আর তাই যে সব কোম্পানি আইন মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
এইচএমএম/ জেডএম