 |
ঢাকা: দেশের ব্যাংকিং খাত মানবিক চেহারা অর্জন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি এও বলেছেন, ব্যাংকিং খাতে মানবিক চেহারা গড়ে তোলা সম্ভব হলে দেশের ব্যাংকিং খাত টেকসই হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে এক অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সানমুন নাহার সুমি এবং কক্সবাজার মেডিকেল কলেজের ইউকাবেতুন নাহার (জেরিন)কে শিক্ষা বৃত্তির টাকা তুলে দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, সুমি-জেরিন দুজন সহদোর। ময়মনসিংহ গৌরিপুরের এক সবজি বিক্রেতা হাশেম উদ্দিন এবং শিরিন আকতারের মেয়ে।
সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর সাউথ ইস্ট ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছে। প্রতি মাসে তারা আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন ব্যাংক তরফ থেকে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এককালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ সময় গভর্নর বলেন, ব্যাংক ব্যবসা অন্য দশটা ব্যবসার মতো নয়। এটি সমাজের মানুষের আস্থার ওপর নির্ভর করে। মানুষের আমানতে চলে। তাই সামাজিক বিনিয়োগ করতে হবে।
গভর্নর বলেন, গত ১০ বছরে জাতীয় প্রবৃদ্ধির (জিডিপি) গড় ছিলো ৬ শতাংশ। আর গত ৪ বছরে ৬ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে দারিদ্র্যের হার কমেছে। কমেছে অর্থনৈতিক বৈষম্য।
গত ৪১ বছরে দেশের অর্থনীতির আকার ১৮ গুণ বেড়েছে বলেও জানান তিনি।
সিএসআরকে বাধ্যবাধতার মধ্যে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, তথ্য মতে প্রতি বছর ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন। কিন্তু এটি ৪৭টি ব্যাংক চাইলে ৫০ হাজার করা সম্ভব। সবগুলো ব্যাংকে শিক্ষাবৃত্তি চালু করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে শূর চৌধুরী, বেগম নাজনীন সুলতানা, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে এস তাবরেজ, ডিএমডি আবুল কাশেম মো. শিরিন, সাউথ ইস্ট ব্যাংকের এমডি মাহবুবুল আলম, সুমি-জেরিনের বাবা-মাসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসকে শূর বলেন, ব্যাংকগুলোর জন্য শিক্ষাখাতে সিএসআরে শিক্ষাবৃত্তি আরো বাড়াতে চিঠি দেওয়া হবে শিগগিরই।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১২
এসএআর/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর