ইংরেজিতে প্রকাশিত হতে যাচ্ছে তালেবান কবিতার সংকলন। এই প্রথম এমন একটি সংকলন ইংরেজি ভাষায় প্রকাশ হতে যাচ্ছে। তালেবান কবিতাগুলি সংগ্রহ ও এর অনুবাদ করার কাজে নিয়োজিত রয়েছে একদল ব্রিটিশ বিশেষজ্ঞ। সংকলনটি প্রকাশিত হবে ব্রিটিশ প্রকাশনী ‘C. Hurst & Co. Publishers Ltd’ থেকে।
ধারণা করা হচ্ছে তালেবান কবিতার এ সংকলনটি প্রকাশ হলে ইংরেজি ভাষাভাষিরা খুব ভালোভাবে বুঝতে পারবেন আফগানিস্তানের ওইসব মানুষদের যারা ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এক দশক ধরে।
সংকলনটির একজন সমন্বয়ক অ্যালেক্স স্ট্রাইক ভ্যান লিনচোটেন জানান, তারা ইন্টারনেটের মাধ্যমে এবং মাঠ পর্যায়ে অনুসন্ধান করে ২৪০টির মতো তালেবান কবিতা সংগ্রহ করেছেন, যা তালেবান কী বা কে এটা বুঝতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, বিশ্বে যত তালেবান ওয়েব সাইট রয়েছে তা গভীরভাবে অনেকেই পর্যবেক্ষণ করেন, অনেকেই রয়েছেন যারা তালেবানদের যে কোনো লেখা পড়ার পাশাপাশি এসব কবিতা পড়তে আগ্রহী। এটাই হচ্ছে একমাত্র পথ তালেবানদের বোঝার, তালেবানরা কী পড়ছে এবং তারা কী বলছে তা জানার।
কবিতাগুলিতে আফগানিস্তানের পক্ষে গেরিলাযোদ্ধাদের এগিয়ে যাওয়ার বিষয়ে প্রেরণা দেওয়া হয়েছে। যেমন--
আমি চিনি অন্ধকার গিরিখাত
আমি সবসময় আমার কাঁধে একটি রকেট লাঞ্চার বহন করি।
আমি চিনি উত্তপ্ত গিরিখাত
আমি সব সময় শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার প্রতীক্ষায় থাকি
আমি জানি যুদ্ধ, সংঘাত, এবং বিরোধকে
আমাকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হলেও আমি সত্য বলব...
কিন্তু তাদেরও শান্তির জন্য কাঁদতে হবে :
যাতে নিষ্ঠুরতার শেষে
একটি পিঁপড়েও না মরে কারও হাতে...
সংকলনভুক্ত বেশির ভাগ তালেবান কবিতাতেই উঠে এসেছে, বিদেশি পশ্চিমা শক্তিকে উৎখাতের পক্ষে প্রচার। ন্যাটো বাহিনীর আক্রমণে বেসামরিক লোকেদের মৃত্যুতে বেনিয়াদের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ। তবে এসব বিষয় ছাড়াও অনেক কবিতাতে রয়েছে ধর্মের প্রতি ভক্তি, ঈশ্বর-প্রেম এবং নস্টালজিক অনুভূতির মত বিষয়ের প্রকাশ।
তালেবান কবিতার সংকলন ইংল্যান্ডে প্রকাশিত হবে জুন মাসে এবং যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে।
বাংলাদেশ সময় ১৬৩০ ঘণ্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক