বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী পুত্র সন্তানের মা হয়েছেন । ২১ মে সোমবার সকালে মুম্বাইয়ের খারে অবস্থিত হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে তার কোল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। নবজাতকের বাবা রাজ কুন্দ্রা সামাজিক ওয়েবসাইট টুইটারের মাধ্যমে এ খবরটি প্রকাশ করেছেন।
রাজ কুন্দ্রা টুইটার বার্তায় লিখেছেন, ঈশ্বর আমাদের একটি ছেলে উপহার দিয়েছেন। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। আমি ভীষণ খুশি। স্ত্রী শিল্পা শেঠীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেন, আমার জীবনের সবচেয়ে অমূল্য উপহার দেবার জন্যে শিল্পাকে অনেক ধন্যবাদ।
হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে ডক্টর কিরণ কোহেলির চিকিৎসাধীন ছিলেন শিল্পা শেঠী । সুষ্ঠভাবে মা ও ছেলের সেবা দেওয়ার জন্যে রাজ কুন্দ্রা হাসপাতালের চিকিৎসক ও সেখানে কর্মরত স্টাফদের ধন্যবাদ জানান।
শারীরিক অস্বস্তি নিয়ে শিল্পা ২০মে রোববার সাধারণ চেক-আপের জন্য ডা. কোহেলির সঙ্গে দেখা করতে হাসপাতাল যান। কিন্তু শিল্পার শারীরিক অবস্থা খানিকটা জটিল দেখে চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন এবং দ্রুত শিল্পার ডেলিভারির প্রস্তুতি নেওয়া শুরু করেন। একদিন হাসপাতালে অবস্থানের পর দ্বিতীয় দিন সকালে পুত্র সন্তান জন্ম দেন শিল্পা শেঠী।
কুন্দ্রা পরিবারের একটি ঘনিষ্ঠসূত্রে জানা যায়, রাজ কুন্দ্রা হাসপাতালে ভর্তির পর থেকেই সার্বক্ষণিকভাবে শিল্পার পাশে ছিলেন। শিল্পার সন্তান প্রসবের পর নবজাতকের মুখ দেখে তিনি বিশ্রাম নিতে বাড়ি ফিরেন। শিল্পার মা সুনন্দা আর বোন শমিতাও হাসপাতালে উপস্থিত ছিলেন।
শিল্পার সন্তান জন্ম দেওয়ার খবর পেয়ে দুই পরিবারের সদস্যরা ভীড় করেন হাসপাতালে। সবার মধ্যেই বয়ে যায় আনন্দের উল্লাস। বিয়ের ৩ বছর পর শিল্পার কোল জুড়ে এবারই প্রথম সন্তান এলো। সেইসঙ্গে বলিউডে আরেকটি নতুন সেলিব্রিটি মা যুক্ত হলেন।
বাংলাদেশ সময় ১২০৩, মে ২১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।