 |
মিউজিক ট্যালেন্ট হান্ট শো ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর নিবন্ধন কার্যক্রম বুধবার শুরু হচ্ছে। ‘দি ভয়েস অব বাংলাদেশ’ স্লোগানে এ অনুষ্ঠানের নিবন্ধন চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
বিশাল আয়োজনের এই রিয়েলিটি শোর মহাগুরু থাকছেন রুনা লায়লা। বিচারক হিসেবে থাকছেন সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আঁখি আলমগীর।
আমেরিকা, ইউরোপ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেও নিবন্ধন করা যাবে। বাংলাদেশে অবস্থানকারী প্রতিযোগীরা যে কোনো মোবাইল ফোন থেকে ৬৯৬৯ নাম্বারে REG লিখে এসএমএস’র মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
প্রতিযোগীদের ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও কুমিল্লা এই দশটি শহরের অডিশন রাউন্ডে অংশ নিতে হবে।
বিদেশে অবস্থানকারী প্রতিযোগীরা www.powervoice.com.bd অনলাইন ঠিকানায় লগ ইন করে নিবন্ধন করতে পারবেন। তবে প্রতিযোগীদের লন্ডন ও দুবাইয়ে অডিশন রাউন্ডে অংশ নিতে হবে।
‘পাওয়ার ভয়েসে’ অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের বয়স হতে হবে ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। নিবন্ধন পর্ব শেষে প্রাথমিক বাছাই শুরু হবে ২৮ আগস্ট। এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে একজন পূর্ণাঙ্গ শিল্পীকে।
‘পাওয়ার ভয়েস ২০১২’-এর প্রথম পুরস্কার একটি ব্রান্ড নিউ গাড়ি ও নগদ ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকা। এছাড়া প্রথম পাঁচজনের জন্য থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর্কষণীয় পুরস্কার ও জি-সিরিজ থেকে পাচঁটি অ্যালবাম প্রকাশের সুযোগ। এই রিয়েলিটি শো পরিচালনায় থাকছেন তানভীর খান।
‘পাওয়ার ভয়েস: দি ভয়েস অফ বাংলাদেশ’ এবারের আয়োজনের সব তথ্য জানাতে www.powervoice.com.bd ঠিকানায় লগ ইন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক/আরআর