 |
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে মধ্যপ্রাচ্য থেকে সদ্য দেশে ফেরা কামাল উদ্দিন সিকদার (৪০) নামে এক প্রবাসী খুন হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে পুলিশ নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের অদূরে তারা গেইট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছেন।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মনজুর মোর্শেদ বাংলানিউজকে বলেন, `নিহতের গলায় কাপড় প্যাঁচানো আছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।`
পুলিশ সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সিকদার ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকার জনৈক প্রয়াত আরাফুর সিকদারের ছেলে। নগরীর বায়েজিদ বোস্তামি থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় কামাল পরিবার নিয়ে বসবাস করেন।
সম্প্রতি কামালের মা মারা যান। মধ্যপ্রাচ্যের একটি দেশে কামালের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। মায়ের চেহলাম উপলক্ষে তিনদিন আগে কামাল দেশে ফিরে আসেন।
শনিবার বিকেলে কামাল মায়ের চেহলাম অনুষ্ঠানের দাওয়াত দিতে নগরীর কাজীর দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারে আত্মীয়ের বাসায় যান। সন্ধ্যা ৭টায় তিনি ভিআইপি টাওয়ারে ওই আত্মীয়ের বাসা থেকে বের হন।
এরপর থেকে কামালের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার গভীর রাতে কামালের পরিবারের লোকজন নগরীর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন আরেফিন নগরের অদূরে তারা গেইট এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মনজুর মোর্শেদ বাংলানিউজকে বলেন, `ভিআইপি টাওয়ার থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সম্ভবত কামাল উদ্দিন খুনের শিকার হয়েছেন। আমরা সম্ভাব্য সব ক্লু খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করব।`
বাংলাদেশ সময়: ১০৪৯ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩,২০১৩
আরডিজি/টিসি