খাগড়াছড়ি: খাগড়াছড়িতে খবং পুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সোমবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে শুনানি হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল ইসলাম এদিন ৩২টি মামলার শুনানি করেন। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে ভূমি বিরোধ নিষ্পত্তি শুনানি বাতিলের দাবিতে ডাকা দ্বিতীয় দিনের অবরোধ চলাকালে সোমবার শহরে হালকা ও মাঝারি ধরনের যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। জেলার ৯ উপজেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। র্যাবের বিশেষ দলকে শহর প্রদক্ষিণ করতে দেখা যায়।
সকালে অবরোধ আহবানকারী পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যদের সঙ্গে জেলা শহরের উত্তর খবংপুড়িয়া এলাকায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় অবরোধকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ারশেল ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। চট্টগ্রাম থেকে আসা র্যাব-৭ এর একটি দল পুলিশের সঙ্গে যোগদিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া স্বনির্ভর এলাকায়ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খাগড়াছাড় জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, কিছু বিছিন্ন ঘটনা ছাড়া অবরোধ ছিল শান্তিপূর্ণ। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর