লাক্স সুন্দরী বাঁধন প্রায় দুই বছর বিরতির পর মিডিয়ায় নিয়মিত হচ্ছেন। দীর্ঘ বিরতির পর বাঁধন দাঁড়ালেন দেশটিভির সেলিব্রিটি শো ‘মুখ ও মুখরতা’-এর ক্যামেরার সামনে। অনুষ্ঠানে তিনি বলেছেন আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে।
জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর উপস্থাপনায় বাঁধন ‘মুখ ও মুখরতা’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হবেন ২২জুন শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এবারের মুখ ও মুখরতার মাধ্যমে দর্শক নতুন এক বাঁধনকে আবিষ্কার করবেন বলে জানা গেছে অনুষ্ঠান সংশ্লিষ্টদের কাছ থেকে।
ফরিদা লিমার প্রযোজনায় এবং আসাদ উল্লাহ সারোয়ারের গ্রন্থণা ও গবেষণায় ‘মুখ ও মুখরতা’ অনুষ্ঠানের প্রতি পর্বের্ একজন সেলিব্রেটিকে আমন্ত্রণ জানানো হয়। সঞ্চালক বিজরী বরকত উল্লাহর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে সেলিব্রেটির জীবনে ঘটে যাওয়া শৈশব, কৈশোর এবং তারুণ্যের সময়কার নানান অজানা ঘটনা।
সেই সঙ্গে তার ক্যারিয়ার, বর্তমান ব্যস্ততা, ভবিষ্যত পরিকল্পনা, সমসাময়িক নানাপ্রসঙ্গে গল্প আড্ডায় জানা হয় সেলিব্রেটির মুখরিত জীবনের কাহিনী, তার চিন্তা, চেতনা, লক্ষ্য, আদর্শসহ আরো অনেক কিছু।
এবারের ‘মুখ ও মুখরতা’-এর আড্ডায় লাক্স তারকা বাঁধন জানিয়েছেন তার শৈশব, কৈশোরের অনেক মজার ঘটনা। বলেছেন তার বিয়ে নিয়ে লুকোচুরির কারণ, তার সন্তানকে ঘিরে স্বপ্ন এবং ব্যস্ততার কথা। সেই সঙ্গে তার দীর্ঘ সময়ের বিরতির কারণ এবং আবার কবে থেকে মিডিয়ায় নিয়মিত হবেন সেই কথাও জানিয়েছেন। অভিনেত্রী বাঁধনের আরেক পরিচয় তিনি একজন ডেন্টিস্ট।
এ অনুষ্ঠানে ডেন্টিস্ট বাঁধনের পরিকল্পনার কথাও উঠে এসেছে। মুখ ও মুখরতার আসরে অভিনেত্রী বাঁধনকে দর্শক দেখতে পাবেন, অভিনেত্রী হিসেবে নয়, ডাক্তার হিসেবেও নয়, একজন মা হিসেবে। তার প্রতিটি কথায় ঘুরেফিরে শুধু তার মেয়ের কথাই এসেছে বারবার।
বাঁধন ভক্তরা বর্তমান সময়ের বাঁধনকে জানতে হলে এবারের মুখ ও মুখরতার মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন।
বাংলাদেশ সময় ১৭১০, জুন ২১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।