চট্টগ্রাম: নগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) থেকে পাচারের সময় আটক পণ্যবোঝাই সেই কাভার্ড ভ্যানে নতুন তোয়ালে পাওয়া গেছে।
শুক্রবার কাভার্ড ভ্যানে থাকা কনটেইনারটি কায়িক পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হয় কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাভার্ড ভ্যানটি আটক করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। ঝুট হিসেবে নিয়ে যাওয়ার সময় তোয়ালে সন্দেহে আটক করা হয়েছিল কাভার্ড ভ্যানটি।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (সিইপিজেড) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার আটক করা পণ্যবোঝাই কাভার্ড ভ্যানে থাকা কনটেইনারটি খোলা হয়।
সেখানে বিপুল পরিমাণ তোয়ালে রয়েছে। এসব তোয়ালে ঝুট হিসেবে বের করার চেষ্টা করেছিলেন পাচারকারীরা।
রোববার এসব তোয়ালের মূল্য নির্ধারণ করা হবে বলে জানান নজরুল।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
এমইউ, সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর