চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে ৬০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে নিউ মার্কেটের সামনে থেকে এনামুল হককে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে র্যাব।
এনামুলের বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া উজেলায়।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার রাকিবুল আমীন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে এনামুলকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রত্যেকটি ১ হাজার টাকার ৬০টি জাল নোট উদ্ধার করা হয়।
তিনি বলেন, এসব জাল টাকা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই।
এনামুল জাল টাকার ব্যবসার সাথে জড়িত উল্লেখ করে তিনি বলেন, একই কারণে এর আগেও এনামুল দেড় বছর জেলে ছিল। বের হয়ে আবারো ব্যবসা শুরু করেছে সে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
এমইউ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর