 |
| ছবি: দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সৌদি আরব সফরে বাংলাদেশ থেকে শ্রমিক রফতানির ব্যাপারে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। সৌদির নতুন প্রিন্স সালমানের সঙ্গে খালেদার সাক্ষাতে এ আশাবাদ পাওয়া গেছে।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শমসের চৌধুরী একথা জানান।
তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারও সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে ১৫ জুন থেকে ২৫ জুন সফর করেন খালেদা জিয়া। সফরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলেও এ সুযোগ নতুন করে কাজে লাগিয়েছেন তিনি।
দেশের ফেরার ঠিক আগে সৌদি প্রিন্স সালমানের সঙ্গে খালেদা জিয়া সাক্ষাৎ করেন। এসময় নতুন প্রিন্সকে তিনি বলেন, ‘বাংলাদেশের যেসব শ্রমিক সৌদি আরবে কর্মরত আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ এদিন যুবরাজের কাছে সৌদিতে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিউত্তরে খালেদা জিয়াকে এ ব্যাপারে আশ্বাস দেন প্রিন্স।
প্রিন্স হিসেবে অভিষিক্ত হওয়ার পর সালমান এই প্রথম বাইরের কারও সঙ্গে সাক্ষাৎ করলেন।
শমসের মবিন বলেন, ‘দুই দেশের মধ্যে যেসব সমস্যা ছিল তা দূর হলো। বন্ধ দরজা খুলে গেল। আর এই সুযোগ সরকারকে কাজে লাগাতে হবে। বর্তমান সরকার না পারলে পরবর্তী কোনো সরকার কাজে লাগাবে।’
তিনি বলেন, ‘আমরা (বাংলাদেশ) এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করবে।’
এছাড়া সফরে বাংলাদেশে দায়িত্ব পালনকারী সাবেক কয়েকজন কূটনীতিকের সঙ্গে খালেদা সাক্ষাৎ করেন। তারা খালাফ আল আলীর হত্যাকাণ্ড নিয়ে তার কাছে উদ্বেগ প্রকাশ করেন। তবে এ ব্যাপারে প্রিন্স সালমানের সঙ্গে খালেদা জিয়ার কোনো কথা হয়নি।
সফরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বৈঠক করেন ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দীন এহসান ওগলোর সঙ্গে।
রোহিঙ্গাদের বিষয়টিকে মানবিক উল্লেখ করে এ সমস্যা সমাধানে ওআইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
ওআইসির মহাসচিব রোহিঙ্গাদের বিষয়ে মানবিক দিক বিবেচনার জন্য আহ্বান জানালে খালেদা জিয়া বলেন, ‘বিষয়টি মানবিক। তবে বিগত দীর্ঘ সময় ধরে রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। আর এ চাপ যদি বাড়তে থাকে তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হবে।’ এ বিষয়ে ওআইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
শমসের মবিন ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর