ঠাকুরগাঁও: জাতীয় গনতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্যের কঠোর নিন্দা করে বলেছেন, ঢাকা ছাড়ার আগে বাসা-বাড়ি, দোকানে তালা লাগানো হবে কিনা জানি না। তবে মজলুম জনগণ ঈদের পর জালিম শাহীর দুয়ারে তালা লাগিয়ে দেবে।
তিনি আরও বলেন, যে সরকার জনগণের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা দিতে পারে না, তার এক মূহুর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।
শুক্রবার জাতীয় গণতান্ত্রিক পার্টির(জাগপা) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ভোট, ভাত ও স্বাধীনতা সংগ্রামে দেশ প্রেমিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জাগপা নেতা শরীফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ রকিব উদ্দিন মুন্না, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র, যুব জাগপার সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, পঞ্চগড় জাগপার সভাপতি আনসার আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্মসম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, বিজেপির সাধারণ সম্পাদক ইউনুস আলী ও ঠাকুরগাঁও জেলা জাগপার সমন্বয়ক শাহজাহান সিরাজ।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: ইয়াসিফ আকবর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর