রংপুর: রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে থানা সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম (৪৫) নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
আহতদের সবাইকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অহিজ উদ্দিন (৪৫) এবং সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জলের (৫২) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পারুল ইউপি কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় সৈয়দপুর মাদ্রাসায় পারুল ইউপি আওয়ামী লীগের কমিটি গঠনের সভা (কাউন্সিল) চলছিল। এসময় কে সভাপতি, কে সম্পাদক হবেন, এ নিয়ে তোফাজ্জল গ্রুপ ও ডাবলু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১২টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে পীরগাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মারাত্মক আহত হন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পর শতাধিক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বাংলানিউজকে বলেন, মফিজুল ইসলাম ডাবলু গ্রুপের লোকজনের হামলায় নিহত হয়েছেন। তাদের ধরার জন্য একটি গ্রামকে ঘেরাও করে তল্লাশি চালানো হচ্ছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ডাবলু পারুল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তোফাজ্জল সাবেক সাধারণ সম্পাদক।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর