নিউইয়র্ক থেকে: গ্রীষ্মের পড়ন্ত বিকেলে আবারও কবিতাপাঠে মগ্ন হলেন কবি শহীদ কাদরী। জানিয়ে দিলেন, তিনি আসলেই কবিতার বরপুত্র। আর কবিতাই তাঁর বিশাল ক্যানভাস।
একগুচ্ছ কবিতা পড়লেন শহীদ কাদরী আর দর্শক-শ্রোতারা তাঁর কণ্ঠে কবিতার কারুকাজে বিভোর-তন্ময় হলেন। কবিতার প্রতি তার এই দরদ থেকে প্রমাণ হলো, কবিতা এখনও মানুষে মানুষে ভালোবাসার অমর সেতু।
আর সবার মধ্যমণি কবি শহীদ কাদরী বললেন, ``আমি আমার সময়কে ধারণ করেছি আমার সকল সাধ্য দিয়ে। আমি কবিতাকে আরাধনা মনে করেছি। আমার কাছে মনে হয়েছে, আমরা অনেক হত্যাকাণ্ড দেখেও না দেখার ভান করেছি। কবিতায় বলেছি- ‘আইখম্যান আমার ইমাম’। যা ছিল একান্তই প্রতীকী।``
গেল ১৫ সেপ্টেম্বর ২০১২ ‘একটি কবিতাসন্ধ্যা’র ২য় বছরের প্রথম অনুষ্ঠান নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। এই কবিতাসন্ধ্যার প্রধান সমন্বয়কারী ছিলেন নীরা কাদরী।
অনুষ্ঠানের শুরুতে ছিল আলাপচারিতা। এপর্ব পরিচালনা করেন কবি ফকির ইলিয়াস। কবি তমিজ উদদীন লোদী ও কবি শামস আল মমীন-এর অংশগ্রহণে আড্ডায় শহীদ কাদরী বলেন- ``সময় কাকে বাঁচিয়ে রাখবে আর কাকে রাখবে না তা বলা কঠিন। কার কবিতা পাঠকপ্রিয় হবে তা-ও কারও আগাম জানা নয়। তবে কবিতা শিল্পসম্মত সাধনার নাম। তাই এই আরাধনা অব্যাহত রাখতে হবে।’ কবি আরো বলেন- ‘কবিতা সবসময় সত্যের পক্ষে দাঁড়ায়।``
``আপনি কী জানতেন আপনি উড়াল জীবন কাটাবেন``- এপ্রশ্নের জবাবে কবি শহীদ কাদরী বলেন- ``না তা ভাবিনি। তবে জীবন বহমান। এখন ভাবি উড়াল দিয়েই তো জীবন কাটিয়ে দিলাম।``
``কবিও কি বৈরাগী কিংবা চির বিরহকামী?`` এ প্রশ্নের জবাব দিতে গিয়ে কবি শহীদ কাদরী বলেন ``কবি কখনও বিরহকামী, কখনও মিলনকামী। এটাতো প্রাণেরই চাওয়া-পাওয়া।``
শহীদ কাদরীর কবিতা উপস্থাপন করেন আবৃত্তিকার ফারুক ফয়সল। কবিতা পাঠের প্রথম পর্বে কবি শহীদ কাদরী একগুচ্ছ স্বরচিত কবিতা পড়ে শোনান। তিনি একে একে- ‘রাষ্ট্রপ্রধান কী মেনে নেবেন’, ‘আমি কিছুই কিনবো না’, ‘কোনো নির্বাসনই কাম্য নয় আমার’, ‘দাঁড়াও আমি আসছি’, এবং ‘একটি মরা শালিক’ কবিতাগুলো তাঁর ভরাট কণ্ঠে পাঠ করেন। পিনপতন নীরবতার মধ্যে উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন কবি শহীদ কাদরীর স্বকণ্ঠে কবিতা।
অনুষ্ঠানের আরো পাঠ/আবৃত্তি করা হয় শহীদ কাদরীর দুই কবিবন্ধু, বাংলা কবিতার অপর দুই দিকপাল শামসুর রাহমান ও সৈয়দ শামসুল হকের কবিতা। সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন ইকবাল হোসেন ও ক্লারা রোজারিও। শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন- ইভান চৌধুরী, ক্রিস্টিনা রোজারিও এবং গোপন সাহা।
দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ। এই পর্বে কবিতা পড়েন কবি ফকির ইলিয়াস, কবি মুমু আনসারী, কবি শামস আল মমীন ও কবি তমিজ উদদীন লোদী। কবিতার নেপথ্য আবহসঙ্গীত নিয়ন্ত্রণে ছিলেন তানভীর শাহীন। আলোকচিত্রে এজাজ আলম। ‘একটি কবিতা সন্ধ্যা’র নতুন ব্যানারটি নির্মাণ করেছেন শিল্পী শাহেদ চৌধুরী।
সবশেষে দর্শকদের বিশেষ অনুরোধে ‘তাই এই দীর্ঘ পরবাস’ কবিতাটি পড়েন কবি শহীদ কাদরী।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com