ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক এহসার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জেএমবি সদস্যের নাম মাওলানা বজলুল রহমান ওরফে মুজিবুর রহমান ওরফে মাওলানা শহিদ ওরফে মাওলানা বোরহান উদ্দিন (৩৪)।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, রাজধানী ও এর আশপাশের এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে দেশের বিভিন্ন স্থান থেকে জেএমবি সদস্যরা গুলিস্তান এলাকায় একত্রিত হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টাসের সহযোগিতায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এসময় মাওলানা মাওলানা বজলুল রহমান আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমান জেহাদি বই, ইসলামি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে ।
রবিউল ইসলাম আরও জানান, জিজ্ঞাসাবাদে বজলুর রহমান জানিয়েছেন, তিনি ছাত্রশিবিরের সাবেক সাথী। ২০০২ সালে জেএমবি’তে যোগ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশের হাতে তিনি আটক হলেও পরে ছাড়া পান।
সহকারী কমিশনার জানান, চলতি বছরের ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জেএমবি’র কেন্দ্রীয় সুরা সদস্য ও আইটি প্রধান (স্বঘোষিত আমির) রুহুল আমিন সালমান হত্যা মামলার ও নাচোল থানার অপর একটি জেএমবি মামলার অন্যতম আসামি এই মাওলানা বজলুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
আইএ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর