চ্যানেল নাইনে আগামী জুলই মাস থেকে শুরু হচ্ছে রিয়েলেটি শো ‘ভয়েস অব বাংলাদেশ’। বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে অনুষ্ঠিত হবে প্রাথমিক অডিশন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে চ্যানেল নাইন।
‘ভয়েস অব বাংলাদেশ’ আয়োজনটি হবে বাংলাদেশে হয়ে যাওয়া অন্য সব রিয়েলেটি শোর চেয়ে ভিন্নধর্মী করে তোলার চেষ্টা করা হচ্ছে। একজন পরিপূর্ণ তারকাশিল্পীকে এ প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে । যিনি একই সঙ্গে গান গাওয়ার পাশাপাশি কিছু করতে বা বাজাতে জানেন। যার পরিবেশনা হবে নজরকাড়া। ভয়েস অব বাংলাদেশ অনুষ্ঠানটির পরিচালনা করছেন তানভীর খান।
‘ভয়েস অব বাংলাদেশ’-এর বিচারক হিসেবে থাকছেন রুনা লায়লা ও সুবীর নন্দী, অভিনেত্রী মৌসুমী এবং সুরকার-সংগীত পরিচালক ইমন সাহা। এ প্রতিযোগিতার উপস্থাপনায় থাকছেন আরেক সংগীতশিল্পী আঁখি আলমগীর।
বাংলাদেশ সময় ১৯১০, জুন ২৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক