গণজাগরণ চত্বর থেকে: গণজাগরণকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ উল্লেখ করে অর্থনীতিবীদ ড. আবুল বারকাত বলেন, “এতে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এখানে নো এবং নেভার বলতে কোনো শব্দ থাকতে পারে না।”
রোববার রাত ১০টায় গণজাগরণ চত্বরে সংহতি জানাতে এসে এ মন্তব্য করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. বারকাত।
তিনি বলেন, “এমন আন্দোলন শুধু বাংলাদেশ নয় পৃথিবীতেও বিরল। এই আন্দোলন শুধু শাহবাগে সীমাবদ্ধ নেই। সারা দেশে ছড়িয়ে গেছে।”
বারকাত জানান, আমেরিকা, লন্ডন, রোম, জার্মানি, মস্কো, জাপান, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক স্থানে শাহবাগের জাগরণ পৌঁছে গেছে।
বঙ্গবন্ধুকে হত্যার পর যারা যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আপনারা যুদ্ধাপরাধীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন। আমি দীর্ঘদিন ধরে মৌলবাদের অর্থনীতি নিয়ে গবেষণা করছি। জামাত নয় ধরনের ব্যবসার মাধ্যমে বছরে দুই হাজার কোটি টাকা নীট মুনাফা করছে। এ পর্যন্ত তারা দেড় লাখ কোটি টাকা মুনাফা করেছে। যা দিয়ে মৌলবাদের চর্চা করছে।”
বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমৃত্যু শাস্তি বলে কিছু নেই। আমরা চাই মৃত্যুদণ্ড।”
বিরোধীদল বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘‘স্বাধীনতা বিরোধীদের লবিষ্ট হিসেবে কাজ করবেন না। সংসদে যান। জনগণ আপনাদেক ভোট দিয়েছে দেশের জন্য কাজ করতে।”
ধর্ম ভিত্তিক রাজনীতি এ দেশে থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. বারকাত।
তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “মনে রাখতে হবে জামায়াত এই আন্দোলন ঠেকাতে তাদের এই মুনাফার টাকা ব্যবহার করতে পারে। তারা ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে।”
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
ইএস./সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর