 |
| ছবি: দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
নয়াপল্টন থেকে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ এমনই একটা দল যারা নিজেরাও শান্তিতে থাকে না, অন্যকেও শান্তিতে থাকতে দিতে চায় না। দেশকে অস্থিতিশীল করতে তারা নিজেরাই প্রতিদিনই একটা না একটা অশান্তি সৃষ্টি করে।’
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন তার সমাধান আপনাদেরকেই দিতে হবে। আপনারাই তত্ত্বাবধায়ক বাতিল করেছেন, আপনাদেরকেই পাশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ না হবে ততক্ষণ সংগ্রাম চলবে।’
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ভীত নয়, কিভাবে আন্দোলন করতে হয় তা জানে। সেটা ১১ জুনের সমাবেশে প্রমাণিত হয়েছে। তবে দেশের মানুষ ঘন ঘন ক্ষতিগ্রস্ত হয়, জানমালের ক্ষতি হয়, এমন কোনো ধ্বংসাত্মক কর্মসূচি দেয় না। কারণ বিএনপি দেশ ও দেশের মানুষকে ভালবাসে এবং দেশের মানুষের জন্য রাজনীতি করে। আর আওয়ামী লীগ মানুষকে লাঠি দিয়ে হত্যা করে তার উপর উঠে উল্লাস করে এবং গান পাউডার দিয়ে মানুষ পোড়ার রাজনীতি করে।’
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ বিএনপির কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে এরা বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবনেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, ফরহাদ হোসেন আজাদ, মোরতাজুল করীম বাদরু, আলী আকবর চুন্নু, মোনায়েম মোন্না, আবদুল খালেক প্রমুখ।
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্থ থাকায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিএনপি নেতারা তাদের বক্তৃতায় বলেন, ‘‘জনগণের বিজয় না হওয়া পর্যন্ত সরকারের দু:শাসনের বিরুদ্ধে আন্দোলন চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।’
এক ইলিয়াস আলীকে গুম করে সরকার লাখো ইলিয়াস জন্ম দিয়েছে বলেও দাবি করেন নেতারা।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলনে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে যুবনেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকার যে সমস্যার সৃষ্টি করেছে তাতে দেশ আজ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। তাদের হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনে নামতে হবে।’
তিনি অবিলম্বে সরকারকে জনগণের দাবি মেনে নেওয়ার আহবান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের প্রথম ও শেষ দাবি অবলিম্বে ইলিয়াস আলীকে ফেরত দিন এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করুন।’
নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত না দিলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ার করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএম/সম্পাদনা: ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর