ঢাকা: টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর সংঘটিত ভূমি ধসে উগান্ডার পার্বত্য অঞ্চলের তিনটি গ্রামে ১৮ জনের মৃত্যু হয়েছে।
উগান্ডা রেড ক্রসের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
দেশটির পূর্বাঞ্চলীয় মাউন্ট এলগন পার্বত্য এলাকার নিকটবর্তী এসব গ্রামে ভূমি ধসে বাড়িঘর চাপা পরায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গ্রামগুলোতে প্রায় ৩ শ লোকের বসবাস ছিল বলে জানা যায়।
ভূমি ধসে আক্রান্ত এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে রেড ক্রস। আহত ৯ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
উগান্ডা রেড ক্রসের মহাসচিব মাইকেল রিচার্ড নাতাকা বলেন, শুধুমাত্র বুদুদা গ্রামেই ১৫টির বেশি বাড়ি মাটিচাপা পড়েছে। আরো ২৯টি বাড়ি ঝুঁকির মাঝে রয়েছে।
গ্রামের অধিবাসীদের মধ্যে কমপক্ষে ৭২ জন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। এ সময় নিকটস্থ বাজারে অবস্থান করছিলেন বলে তারা বেঁচে যান।
কেনিয়ার সীমান্তবর্তী উগান্ডার এই এলাকায় মাউন্ট এলগনের পার্বত্য ঢালে কফি চাষের জন্য নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করায় সেখানে ভূমি ধসের প্রবণতা বেড়ে গেছে।
তার উপর কয়েকদিনের বৃষ্টিপাতে এমন ভূমি ধসের ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা জানান।
গত বছরের আগস্টেও উগান্ডার এ অঞ্চলে বুলাম্বিয়া গ্রামে ভূমি ধসে ২৪ জনের মৃত্যু হয়েছে। ২০১০ সালে বুদুদা গ্রামে এমন ঘটনায় প্রায় সাড়ে ৩ শর বেশি লোকের মৃত্যু হয়। পরিস্থিতির ভয়াবহতায় হাজার হাজার লোক গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর