 |
ঢাকা: সৌভাগ্যের প্রতীক হয়ে খেললেন সাকিব আল হাসান। ব্যাটেবলে ঝড় তুলতে না পারলেও তার দল কলকাতা নাইট রাইডার্স ঠিকই জিতেছে। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ৩২ রানে।
কলকাতা নাইট রাইডার্স: ১৪০/৭ (২০ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স: ১০৮/১০ (১৯.১ ওভার)
ফল: কলকাতা নাইট রাইডার্স ৩২ রানে জয়ী
মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বিপদে পড়ে গিয়েছিলো কলকাতা। হোমের সুবিধা পেয়ে মুম্বাই বোলাররা গর্জে ওঠেন। ছয় রানে দুই উইকেট তুলে নেন হরভজন সিং। ব্রান্ডন ম্যাককালাম (১ রান) ও জ্যাক ক্যালিসকে (০) হারিয়ে দিশে হারা হওয়ার যোগার কলকাতার। অধিনায়ক গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারি ৩৮ রানের জুটি গড়ে বিপর্যয় থেকে দলকে বাঁচিয়ে দেন। ২৭ রান করে গম্ভীর উইকেটটা দিয়ে আসেন কিয়েরন পোলার্ডকে। ৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহে ৪৪ রান। পরে তিওয়ারি আরও কিছু রান যোগ করায় শেষপর্যন্ত শোভন দেখায় কলকাতার সংগ্রহ। তিওয়ারি ৪১ রান হলে মুনাফ প্যাটেলের বলে ক্যাচ আউট হন। ইউসুফ পাঠান ২১ আর সাকিব ১৩ রানের যোগান দেন। ২০ ওভারে কলকাতার সংগ্রহ সাত উইকেটে ১৪০ রান।
জবাব দিতে নেমে মুম্বাইয়ের ওপরের দিকের ব্যাটসম্যানরা তুলনামূলক ভালো খেলেন। হার্শেল গিবস ১৩, টেন্ডুলকার ২৭, দিনেশ কার্তিক ২১ রান করেন। পরের দিকের ব্যাটসম্যানরা ইনিংসটাকে টেনে নিতে পারেননি। অনর্থক শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন কয়েকজন। ক্যালিস ও বালাজি দুটি করে, সুনিল নারায়ন চারটি, সাকিব এবং ইকবাল আব্দুল্লাহ একটি করে উইকেট নিলে ১৯.১ ওভারে ১০৮ রানে আল-আউট হয় মুম্বাই। অত ভালো বোলিং স্পেলের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নারায়ন।
কলকাতা পয়েন্ট তালিকায় আবার দ্বিতীয় স্থানে ফিরে এসেছে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। মুম্বাইয়ের পয়েন্ট ১৮। সবার ওপরে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের অর্জন ১৪ ম্যাচে ২০ পয়েণ্ট।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
এসএ