 |
ঢাকা : আর্জেন্টিনার ২২ বছর বয়সী এক তরুণী তার জমজ বোনের খুনীকে বিয়ে করবেন বলে জানিয়েছেন।
খুনের অভিযোগ প্রমাণের ভিত্তিতে ১৩ বছরের কারাদণ্ড পাওয়া ভিক্টর কিনগোলানিকে বিয়ে করছেন এডিথ ক্যাসাস নামের ঐ তরুণী।
সংশ্লিষ্ট সূত্রের মতানুসারে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, এডিথের হবু বর ভিক্টরের বিরুদ্ধে দু’বছর আগে এডিথের জমজ বোনকে খুন করার অভিযোগ রয়েছে।
তবে, এডিথ বরাবরই তার হবু বরকে নির্দোষ বলে দাবি করে আসছেন। শেষ পর্যন্ত তিনি এমন বিস্ময়কর সিদ্ধান্তই নিলেন।
তবে, এডিথ জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলের শহর সান্তা ক্রুজের একটি কারাগারে (ভিক্টর কারাভোগ করছেন এখানে) তারা বিয়ে করবেন।
প্রসঙ্গত, এডিথ ও ভিক্টরের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এডিথের জমজ বোন জোহানা ক্যাসাসকে খুন করার অভিযোগে ভিক্টরসহ জোহানার আরেকজন সাবেক বন্ধুকে ১৩ বছরের কারাদণ্ড দেয় আর্জেন্টিনার একটি আদালত।
২০১০ সালে ১৯ বছর বয়সী তরুণী জোহানা খুন হওয়ার পর পরিচালিত তদন্তে অভিযুক্ত প্রমাণিত হন ভিক্টর।
ঐ সময় ভিক্টর সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, জোহানার সঙ্গে তার প্রেম ছিল, তবে একসময় তিনি এডিথেরও প্রেমে পড়ে যান।
তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এডিথের সঙ্গে প্রেম পাকাপোক্ত করতেই জোহানাকে খুন করেছিলেন ভিক্টর।
এদিকে, মেয়ের এ ঘোষণায় মা মার্সেলিনা ওরেল্লানা জানিয়েছেন, এডিথ মানসিকভাবে অসুস্থ!
বাবা ভ্যালেন্টিন ক্যাসাস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ওর মুখ দেখতে চাই না।
বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com