 |
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের ‘ব্যক্তিগত’ বিষয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার রাতে আইন প্রতিমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের বলেন, শিগগিরই আইনের বিষয় পর্যালোচনা করে দৈনিক আমার দেশের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। কারণ পত্রিকাটি বিচারপতির ব্যক্তিগত বিষয় প্রকাশ করেছে।
প্রসঙ্গত, বিচারপতি নিজামুল হকের সঙ্গে স্কাইপিতে বেলজিয়াম প্রবাসী এক বাঙালির সংলাপের বিষয়ে গত তিন দিন ধরে সংবাদ প্রকাশ করে আসছে দৈনিক আমার দেশ।
এ সংবাদ প্রকাশের পর মঙ্গলবার বিকালে বিচারপতি নিজামুল হক নাসিম ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্রও পেশ করেছেন।
এরপরপরই আইন প্রতিমন্ত্রীর সাংবাদিকদের কাছে আমার দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
কামরুল ইসলাম আরো বলেন, এ পত্রিকার সংবাদের গ্রহণযোগ্যতা নেই। ভিত্তিহীন বানোয়াট কথা প্রকাশ করেছে আমার দেশ। আইন লংঘন করে ট্রাইব্যুনালের বিচারপতির সংলাপ হ্যাক করা হয়েছে।
প্রয়োজনে বিচারপতি কারো পরামর্শ গ্রহণ করতে পারেন বলেও এসময় মত দেন কামরুল।
‘কোড অব কন্ডাক্ট অনুযায়ী বিচারাধীন বিষয়ে বিচারক কারো সঙ্গে পরামর্শ করতে পারেন কিনা’ প্রশ্ন করলে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।’
‘বিচারপতির সংলাপ নিয়ে সরকার বিব্রত কিনা’ এ মর্মে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তাই এতে সরকারের বিব্রত হওয়ার কিছু নেই। এ পদত্যাগ যুদ্ধাপরাধের বিচারে কোনো প্রভাব পড়বে না।’
বাংলাদেশ সময়:১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১২
জেএ/এমএমকে;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর