 |
নওগাঁ: আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাড. সুলতানা কামাল বলেছেন- দেশের গণতন্ত্র সর্বক্ষেত্রে বাধা পাচ্ছে। সমাজের প্রতিটি ক্ষেত্রেই সামাজিক অবিচার বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে দেশের সার্বিক অবস্থা এতটাই নাজুক যে, কোনো বিষয়ে বলতে গেলে শুরু করতে হয় নেতিবাচক কথা দিয়ে। ধনীরা আরও ধনী হচ্ছে আর গরীবরা আরও গরীব হচ্ছে।
শনিবার নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে ‘মানবাধিকার রক্ষায় স্থানীয় জনগণের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকবে না আর আইনের শাসন না থাকলে মানবাধিকার থাকবে না। এজন্য দেশের প্রতিটি মানুষকে মানবাধিকার সম্পর্কে ন্যূনতম বোধ সৃষ্টি করতে হবে।
সভায় নওগাঁ জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. খোদদাদ খান পিন্টুর সভাপতিত্বে আইন ও শালিস কেন্দ্রের কেন্দ্রীয় পরিচালক সানাইয়া ফাহিম, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আইনজীবী, সাংবাদিক, নারীনেত্রী, নাট্যকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা,জুন ০৯,২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর