 |
হলিউড পপ গায়িকা বিওন্স নোয়েলস সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সংবর্ধনা অনুষ্ঠানে তার আগের রেকর্ড করা গানে ঠোঁট মিলিয়েছিলেন বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কিন্তু বিওন্স এটাকে মোটেই লজ্জার দৃষ্টিতে দেখছেন না। শুধুমাত্র হাতে কম সময়ের জন্য রিহারসেল না করার কারণে এমন করেছেন বলে জানিয়েছেন তিনি।
আধা ঘণ্টা সময়ের মধ্যে অন্যান্য গান এবং জাতীয় সঙ্গীত রিহারসেল করার সময় তার ছিল না। তাই প্রেসিডেন্ট সংবর্ধনা অনুষ্ঠানে আগের রেকর্ড করা গানে ঠোঁট মিলিয়ে পারফর্ম করেন বিওন্স নোয়েলস।
বিওন্স বলেন, ‘আমি সবকিছু পারফেক্ট পছন্দ করি। আমি ততক্ষণ পর্যন্ত অনুশীলন করি যতক্ষণ না আমার পা থেকে রক্ত বের হওয়ার মত অবস্থা হয়। আমি সবসময়ই লাইভ পারফর্ম করি। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানের আগে আমি অনুশীলনের সময় পাইনি। আর আমি চাইনি এখানে কোন ভুল হোক। তাই এই ব্যাবস্থা নিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি আমার পারফর্মেন্সের জন্য গর্বিত। আমি মনে করি না নিজেরই প্রি- রেকর্ড করা গানে ঠোঁট মেলানো কোন লজ্জার বিষয়। আমার ভক্তরা জানেন যে আমি কেমন। আমার ১৬ বছরের ক্যারিয়ারে আমি সব সময়ে লাইভ পারফর্ম করেছি। এটাই আমার নেশা ও পেশা। তাই আমাকে নিয়ে যে যত সমালোচনা করুক আমার কিছুই যায় আসে না।’ বর্তমানে বিওন্স নোয়েলস এইচবিও ডকুমেন্টারি ‘লাইফ ইজ বাট এ ড্রিম’ এর কাজে ব্যস্ত আছেন। এ ডকুমেন্টারি ছবিটি আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে। তিনি দ্রুত তার এই কাজ শেষ করে তার বারো মাসের কন্যা সন্তান ব্লু আইভিকে সময় দিতে চাচ্ছেন।
সূত্র : এনডিটিভি
বাংলাদেশ সময় : ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
কেএম/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন