ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম মনজুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মনজুর আলম এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান না করলেও ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে তৎকালীন চারদলীয় জোট তাকে সমর্থন দেয়।
এরপর সিটি করপোরেশন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মনজুর আলম বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেন। এছাড়া তিনি চট্টগ্রামে বিএনপির বিভিন্ন সমাবেশে উপস্থিত থাকতেন।
সর্বশেষ গত সোমবার খালেদা জিয়া চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গেলে মেয়র মনজুর সার্বিক সহযোগিতা করেন।
২০১০ সালের ১৭ জুন চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন মনজুর।
মনজুরকে উপদেষ্টা নিযুক্ত করায় বর্তমানে উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এমএম/এমআইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর