 |
ঢাকা: ওমরাহ পালন শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।
শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা আসেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী জনাব ইনাম আহমেদ চৌধুরী, মাহমুদুল হাসান এমপি, ড্যাবের সভাপতি ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুন্নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক শরাফত আলী শপু, সাইফুল আলম নীরব, ফজলুল বারী বাবু, শিরিন সুলতানা প্রমুখ।
এছাড়া দলের আরও অনেক নেতকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ব্যক্তিগত সফরে সৌদি আরব যান খালেদা জিয়া। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে তায়েফের শাফা প্যালেসে অবস্থান করেন তিনি।
সেখান থেকে উমরা পালন, পবিত্র কাবা শরিফে তারাবির নামাজ আদায় ও লাইলাতুল কদরের বিশেষ ইবাদত বন্দেগি শেষে ১৫ আগস্ট মদিনার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে রাতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে তিনি রওয়া দেন।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর