ঢাকা : ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ ... বলে চিৎকার করাতে শেষ পর্যন্ত রিক্সারোহী মহিলার ভ্যানিটি ব্যাগ না নিয়েই দ্রুত পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে, রাজধানীর উত্তরার জসিম উদ্দিন মোড়ে।
এ ঘটনার কিছুক্ষণ পর বাসায় ফিরে উত্তরা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভীষণ ক্ষোভ প্রকাশ করেন রিক্সরোহী মহিলার স্বামী যাদুশিল্পী এ কে শাহ্।
রাত সাড়ে ১১টার দিকে বাংলানিউজের সংবাদ কক্ষে ফোন দিয়ে তিনি জানান, ‘আমার ছোটো ভাই থাকেন উত্তরার ১২ নম্বর সেক্টরে। ইফতারের দাওয়াত ছিল তার বাসায়। সেখান থেকে রাতে খাওয়া-দাওয়া সেরে দক্ষিণখানে বাসায় ফেরার পথে এ ঘটনা’।
তিনি বলেন, ‘মোটরসাইকেল আরোহী দু’জন যে ছিনতাইকারী আমি সেটা বুঝতেই পারিনি। জসিম উদ্দিন মোড়ে রাস্তা ক্রসিংয়ের জন্য রিক্সাটি যখন থামে, তখন পেছন দিক থেকে মোটরসাইকেলটি রিক্সার পাশে এসে দাঁড়ায় এবং একজন আমার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ ধরে টানাটানি করতে থাকে। ঘটনার আকস্মিকতায় প্রথমে আমার স্ত্রীও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে সে দ্রুত সচেতন হয়ে ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ ... বলে চিৎকার শুরু করলে তারা দ্রুত পালিয়ে যায়।’
এদিকে, ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগটি নিতে না পারলেও তাদের টানাটানির কারণে রিক্সা থেকে পড়ে গিয়ে বেশ ব্যাথা পান এ কে শাহ্’র স্ত্রী।
বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১২
এসআর/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর