চলে গেলেন লাতিন আমেরিকান খ্যাতিমান কথাসাহিত্যিক কার্লোস ফুয়েন্তেস। মঙ্গলবার ১৫ মে দিনগত রাতে এই মেক্সিকান এই কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ফুয়েন্তেস ছিলেন আধুনিক স্প্যানিশ ভাষা ও সাহিত্যের মহান রূপকারদের একজন।
ফুয়েন্তেস জন্মগ্রহণ করেন ১৯২৮ সালে পানামায়। তারা বাবা ছিলেন কূটনীতিক। এ কারণে তার শৈশব কেটেছে বিভিন্ন দেশে। এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চিলি, আর্জেন্টিনা। অবশ্য পরবর্তী সময়ে মেক্সিকান কূটনীতিক হিসেবে তিনিও বেশ কয়েক বছর কাটিয়েছেন ইয়োরোপে।
তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় ৩০ বছর বয়সে। ১৯৫৮ সালে প্রকশিত ওই উপন্যাসটির নাম “La region mas transparente” বা ``হাওয়া যেখানে নির্মল`` (Where the Air is Clear)। এতে কেবল মেক্সিকো সিটির জীবনই উঠে আসেনি, উঠে এসেছে ওই সময়ের বিশ্বের অন্যতম এক কলুষিত শহরের প্রতি শ্লেষ। যাতে দেখানো হয়েছে ১৯১০ থেকে ১৯১৭ সালের মেক্সিকান বিপ্লবকে; যে বিপ্লবের সুযোগ নিয়ে হঠাৎই গজিয়ে উঠেছিল সম্পদশালী এক নব্য অভিজাত শ্রেণী। এই ভুঁইফোড় শ্রেণীটি অসহায় এবং স্থানীয় জনগণকে বঞ্চিত করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছে।
ফুয়েন্তেসর লেখা এ পর্যন্ত বিশ্বের ২৪টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তাকে গণ্য করা হয় তারই স্বদেশি নোবেলজয়ী অক্তাবিও পাস, কলম্বিয়ার গাব্রিয়েল গার্সিয়া মার্কেস বা পেরুর মারিও ভার্গাস য়োসার মতোই প্রতিভাবান বলে । এই তিন নোবেলজয়ীর মতই বিশ শতকের দ্বিতীয়ার্ধে লাতিন আমেরিকান সাহিত্যকে বিশ্বদরবারে সুপরিচিত করে তোলেন ফুয়েন্তেস। যে গুটিকয় প্রতিভাবান সাহিত্যিকের হাত ধরে একালের স্প্যানিশ সাহিত্য ঋদ্ধ ও বিকশিত হয়েছে এই চার জন তাদের মধ্যে অগ্রগামী।
পাঁচ দশকের লেখালেখিতে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ফুয়েন্তেসের ২০টির বেশি উপন্যাস, বেশ কয়েকটি ছোটগল্প সংকলন ও নাটক। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে— The Death of Artemio Cruz, The Old Gringo, The Crystal Frontier, Aura প্রভৃতি।
“The Old Gringo” উপন্যাসটি ছিল প্রথম কোনো মেক্সিকান ঔপন্যাসিকের লেখা বই যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিল দীর্ঘদিন। বইটিকে কেন্দ্র ১৯৮৯ সালে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়।
ফুয়েন্তেস শুধু সাহিত্য নিয়েই চর্চা করেননি সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও প্রবন্ধ লিখেছেন। তিনি ছিলেন মেক্সিকান সরকার ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক।
মারিও ভার্গাস য়োসা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ফুয়েন্তেসের মৃত্যুতে লেখেন ``ফুয়েন্তেস আমাদের সময়ের রাজনৈতিক সমস্যা এবং সাংস্কৃতিক বাস্তবতাকে তার কাজের মধ্যে তুলে ধরে গেছেন।``
ফুয়েন্তেস বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারই পেয়েছেন। এসবের মধ্যে রয়েছে স্প্যানিশ ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সারভান্তেস সাহিত্য পুরস্কার। এছাড়া বহুবার নোবেল সাহিত্য পুরস্কারের জন্য উঠে এসেছে তার নাম। কিন্তু নোবেল পুরস্কার তার ভাগ্যে জোটেনি। ১৯৮৮ সালে মেক্সিকান একমাত্র নোবেলজয়ী কবি অক্তাবিও পাস ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু।
মেক্সিকান এ লেখক বার্ধক্যে এসেও লেখালেখি থেকে সরে যাননি। শুরু করেছিলেন নতুন একটি উপন্যাস লেখাও।
বাংলাদেশ সময় ১৭০৯, মে ১৬, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর