ঢাকা: বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান রোহিঙ্গা ইস্যুতে পরামর্শ দিয়ে বলেছেন, ‘বাংলাদেশ ভূখণ্ড মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যেতে পারে।’
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়নের বাইরে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন। সিঙ্গাপুর ও চীনে রাষ্ট্রদূতের দায়িত্ব ছিলেন তিনি।
সিরডাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতা ও উন্নয়ন মডেল’ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। এতে সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া হলো, রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়া বাংলাদেশ সরকারের একটি ভালো পদক্ষেপ।’
সাবেক এ রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গারা একবার যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে তাদের বের করা কঠিন হবে। ইসলামি দেশগুলোর সংগঠন ওআইসির সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কথা উচিত। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশকে দ্বিপক্ষীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলতে হবে। ওআইসির বিভিন্ন দাতা দেশ মুসলিম উদ্বাস্তুদের মানবিক ও আর্থিক সহায়তা করে থাকে।’
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর