 |
ঢাকা: ভারতীয় গোদরেজ কোম্পানির চেয়ারম্যান ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আদি গোদরেজ বলেছেন, “আমরা বাংলাদেশে বন্ধুত্বের হাতকে প্রসারিত করতে এসেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের একটি আত্মিক ও বাণিজ্যিক সম্পর্ক আছে। তাছাড়াও ভারত ও বাংলাদেশ খুবই ঘনিষ্ট প্রতিবেশী, তাই বাংলাদেশে ও ভারতের সম্পর্ক যেমনটা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তেমনি, বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মানুষ পরস্পরকে বন্ধু ভাবে। আমরা এই বন্ধুত্বকে কাজে লাগাতে চাই।”
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সুরমা হল রুমে গণমাধ্যমকর্মীদের এক বিশেষ সাক্ষাকারে তিনি এসব কথা বলেন।
আদি গোদরেজ আরও বলেন, “ভারতীয় যে ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, তারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী।”
তিনি বলেন, “আমরা এবারের সফরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠন, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাই। অমরা বলবো, দু’দেশের ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আমরা উভয়েই লাভবান হবো।”
প্রসঙ্গত, শুক্রবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সভাপতি ও গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ ।
তিনি ভারতের বিখ্যাত কোম্পানী গোদরেজ ইন্ডাষ্ট্রীজ, গোদরেজ কনজ্যুমার প্রডাক্টস লিমিটেড, গোদরেজ প্রপার্টিজ লিমিটেড ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানী গোদরেজ হার্সেই লিমিটেডের চেয়ারম্যান। তিনি গোদরেজ ম্যানুফ্যাকচারিং কোং, গোদরেজে এগ্রোভেট লিমিটেড, গোদরেজ ইন্টারন্যাশনাল লিমিটেডে সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক।
আদি গোদরেজ ইন্ডিয়ান সোপ অ্যান্ড টয়লেট্রিজ মেকার্স অ্যাসোসিয়েশন, দ্য সেন্ট্রাল অর্গানাইজেশন ফর অয়েল ইন্ডাষ্ট্রী অ্যান্ড ট্রেড, দ্য সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, দ্য কম্পাউন্ড লাইভস্টক ফিডস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, দ্য ইন্দো- আমেরিকান সোসাইটি, দ্য গর্ভনিং কাউন্সিল অব দ্য নার্সি মঞ্জি ইনস্টিটউট অব ম্যানেজমেন্ট স্টাডিজের সাবেক সভাপতি।
এছাড়াও তিনি ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সংস্থার সাথে তিনি জড়িত।
তিনি অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন । এরমধ্যে রাজিব গান্ধী অ্যাওয়ার্ড ২০০২, দ্য এন্টারপ্রেনিউয়ার অব দ্য ইয়ার ফর দ্য এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনিউয়ারশিপ অ্যাওয়ার্ড ২০১০, বেস্ট বিজনেস ম্যান অব দ্য ইয়ার ২০১০, কেমেক্সিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১০, এআইএমএ- জেআরডি টাটা কর্পোরেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১০, বিএমএ- ম্যানেজমেন্ট ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১০-২০১১, কিমপ্রো প্লাটিনাম স্টান্ডার্ড অ্যাওয়ার্ড ফর বিজনেস ইন ২০১১।
আদি গোদরেজ ম্যাসাচুসেটস ইনস্টিটউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ব্যবস্থাপনায় পড়াশোনা করেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এমআইআর/এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর