নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অজয় দেবগণ ফিল্মস থেকে যশ রাজ ফিল্মসকে আইনজীবী মারফত লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ।
যশ রাজ ফিল্মসের বিরুদ্ধে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্র্রিতে একক কর্তৃত্ব স্থাপনের অভিযোগ এনে ‘কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া’-এর মাধ্যমে লিগ্যাল নোটিশ জারি করেছেন অজয়।
১৩ নভেম্বর দিওয়ালিতে অজয় দেবগণ ফিল্মস থেকে মুক্তি পাচ্ছে ‘সন অফ সরদার’ মুভিটি। আর একই দিনে বাজারে আসছে যশ রাজ ফিল্মস থেকে শাহরুখ খান অভিনিত ‘যাব তাক হে জান’ মুভিটি।
আর এখানেই বিপত্তি। অজয় দেবগণ মনে করছেন, একই সাথে মুভি মুক্তি দিয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্র্রিতে একক কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে যশ রাজ ফিল্মস।
তাই ‘কমপিটিশনকমিশন অব ইন্ডিয়ার’ মাধ্যমে যশ রাজ ফিল্মসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জারি করেছেন তিনি।
একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, লিগ্যাল নোটিশের কথা এখন প্রকাশ পেলেও নোটিশটি পাঠানো হয়েছে ১৮ অক্টোবর।
লিগ্যাল নোটিশের ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি অজয় দেবগণ।
বিশ্লেষকরা অবশ্য বলছেন, লিগ্যাল নোটিশের কারণে এখন শাহরুখ ও অজয় দেবগণের মধ্যে শুরু হলো নতুন যুদ্ধ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০২,২০১২
এমকে