৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:৪৫ পিএম BDST banglanew24
01 Oct 2012   07:15:43 PM   Monday BdST
E-mail this

বাংলানিউজে প্রতিবেদনের ফল

ইয়াসমিনের মাকে চাকরি দিচ্ছেন ডিসি


সাজেদা সুইটি ও সানি সরকার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইয়াসমিনের মাকে চাকরি দিচ্ছেন ডিসি বাংলানিউজে প্রতিবেদনের ফল
ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে বুঝি বহু কাঙ্খিত চাকরি জুটছে পুলিশের নির্যাতনে নিহত ইয়াসমিনের মা শরিফা বেগমের। গত শুক্রবার বাংলানিউজে ‘প্রধানমন্ত্রী সমীপে, আমি ইয়াসমিনের মা, চাকরি চাই’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হওয়ার মাত্র চার দিনের মাথায় আজ সোমবার তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) জামাল উদ্দিন আহমেদ।

একইসঙ্গে শরীফার ১০ বছরের শিশুপুত্র পঞ্চম শ্রেণি পড়ুয়া শাহীনুর রহমান সোহানের পড়ালেখার খরচ বহনেরও আশ্বাস দিয়েছেন তিনি।

এর ফলে সতেরো বছর আগে অকালে মেয়ে হারানো এই মায়ের বুকে বাসা বেঁধেছে নতুন স্বপ্ন।

বিকেলে মোবাইলফোনে কথা বলার সময়েও বেশ টের পাওয়া যাচ্ছিলো শরীফা বেগম ও তার স্বামী ডাবলু রহমানের আবেগ আর আনন্দ।

আশ্বাস পেয়েই উচ্ছ্বসিত শরিফা বললেন, “এবার বুঝি চাকরিটা আমার হলো।”

তারা জানালেন, দুপুরের দিকে স্থানীয় ওয়ার্ড কমিশনার একটি গাড়ি নিয়ে শরীফাদের বাড়ি আসেন। ডিসি সাহেব দেখা করতে চান শুনে শরীফা বেগম কমিশনারের সঙ্গে গাড়িতে চড়েন।

প্রশাসকের কার্যালয়ে পৌঁছুলে শরীফার কুশল জানতে চান জামাল উদ্দিন। এরপর একে একে শরীফার কাছে জেনে নেন প্রয়োজনীয় নানা তথ্য।কেমন চাকরি হলে ভালো হয়, লেখাপড়া কতটুকু করেছেন ইত্যাদি জানতে চান জামাল। শরীফা একটি আয়ার চাকরি হলেই চলবে বলে জানান জামাল উদ্দিনকে। কাগজে লিখে দেন নিজের নাম, স্বামীর নাম ও ঠিকানা।

এরপর জামাল শরীফাকে ‘অতিসত্বর একটি সুবন্দোবস্ত’র আশ্বাস দেন। শরীফার চাকরির সঙ্গে সঙ্গে শিশু শাহীনের পড়ার ব্যয় নির্বাহেরও প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

তবে শরীফা ও ডাবলুর সঙ্গে আলাপ শেষে জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে চাকরির ব্যাপারটা স্পষ্ট করলেন না তিনি।

শুধু বললেন, ‘‘শরীফার খোঁজখবর নিয়েছি। তা তো আমি নিতেই পারি।’’

এদিকে বাংলানিউজের প্রতি এখনই কৃতজ্ঞতা জানিয়ে রাখছেন শরীফা ও ডাবলু রহমান। বাংলানিউজে প্রকাশিত প্রতিবেদনের ফলে আজ এই চাকরির সম্ভাবনা জেগেছে বলেই মনে করছেন তিনি। ভাবছেন, সতেরো বছরের অপেক্ষা সাঙ্গ হলো বুঝি। তাই প্রহর গুণছেন চূড়ান্ত প্রাপ্তির।

চাকরির আশ্বাস ছাড়াও আরও অনেক ভালো খবর তৈরি হচ্ছে শরীফার জন্য। বাংলানিউজে প্রতিবেদন প্রকাশের পর অনেকেই যোগাযোগ করেছেন বাংলানিউজের সঙ্গে। সমবেদনা জানাচ্ছেন শরীফা বেগমকে। প্রতিশ্রুতি দিচ্ছেন সাহায্য-সহযোগিতার।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলানিউজ স্পেশাল

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান