৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৫১ পিএম BDST banglanew24
02 Sep 2012   06:47:45 PM   Sunday BdST
E-mail this

পর্যালোচনা

সম্প্রীতি’র বিশ শতকের বাংলা উপন্যাস সংখ্যা


ইমরুল ইউসুফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সম্প্রীতি’র বিশ শতকের বাংলা উপন্যাস সংখ্যা পর্যালোচনা

স্বকৃত নোমান সম্পাদিত ‘সম্পীতি’র ২য় বর্ষ ১ম সংখ্যা, মে ২০১২ প্রকাশিত হয়েছে। সম্প্রীতি সাহিত্য কেন্দ্রের এবারের সংখ্যাটি বাজারে অধুনা প্রকাশিত ছোটোকাগজ থেকে বিষয় নির্বাচন এবং সংবেদ্য রচনাগুণে সম্পূর্ণ আলাদা। কারণ সংখ্যাটিতে বাংলা ভাষার মোট ছাব্বিশটি উপন্যাসের আলোচনা ছাপা হয়েছে। সময় হিসেবে বেছে নেয়া হয়েছে বিশ শতক। ছাব্বিশ জন নবীন প্রবীণ লেখক উপন্যাস পড়ে এর রসাস্বাদন করে আস্বাদিত রস লিখে প্রকাশ করেছেন শিল্প সাহিত্য বিষয়ক এ কাগজটির আলোচিত সংখ্যায়।

সমালোচনার কাজ অনির্ণেয়কে নির্ণেয় করে তোলা। অনাবিষ্কৃতকে আবিষ্কার করা। নিহিতার্থ সত্যকে উন্মোচন করা। সৃষ্টির উদ্দেশ্য-আদর্শ ও গন্তব্যকে আলোকিত করা। আলোচক বা সমালোচক যদি লেখকের আত্মা হয়ে উঠতে পারেন, হতে পারেন দ্বিতীয় লেখক তাহলে আলোচনা হয়ে ওঠে সুন্দর, উজ্জ্বল ও স্রোতস্বতী। সেদিক থেকে আলোচিত সংখ্যার লেখকরা সৃজনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

এখন মূল বিষয়ে আসা যাক। নজর দেয়া যাক পত্রিকার সূচির দিকে। আলোচনার শুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস দিয়ে। এ উপন্যাসের আলোচনা লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের আলোচনা লিখেছেন সুমনকুমার দাশ। সুমিতা চট্টপাধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি উপন্যাসের আলোচনা। জাকির তালুকদার লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের আলোচনা। সতীনাথ ভাদুড়ীর লেখা ঢোঁড়াই চরিত মানস নিয়ে লিখেছেন আসমার ওসমান। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসের আলোচনা লিখেছেন সুমিতা চক্রবর্তী। বিশ্বজিত ঘোষ লিখেছেন বুদ্ধদেব বসুর তিথিডোর উপন্যাসের আলোচনা। তানভীর আহমেদ লিখেছেন বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসের আলোচনা। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের আলোচনা লিখেছেন হরিশঙ্কর জলদাস। কমলকুমার মজুমদারের অন্তর্জলীযাত্রা নিয়ে লিখেছেন কামরুজ্জামান জাহাঙ্গীর। মনি হায়দার লিখেছেন অমিয়ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড উপন্যাসের আলোচনা। সৈয়দ ওয়ালিউল্লাহ্র লালসালু উপন্যাসের আলোচনা লিখেছেন হরিপদ দত্ত। সমরেশ বসুর গঙ্গা নিয়ে লিখেছেন হামীম কামরুল হক। মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার উপন্যাসের আলোচনা লিখেছেন বিপুলচন্দ্র রায়। অঞ্জন আচার্য লিখেছেন আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ী উপন্যাসের আলোচনা। সৈয়দ মুস্তাফা সিরাজের অলীক মানুষ নিয়ে লিখেছেন সাইফুদ্দিন হেলাল। ড. মোহাম্মদ জয়নুদ্দীন লিখেছেন আবুবকর সিদ্দিকের খরাদাহ উপন্যাসের আলোচনা। সুনীল গঙ্গোপাধ্যায়ের একা এবং কয়েকজন উপন্যাস নিয়ে লিখেছেন পলাশ মজুমদার। নূর কামরুন নাহার আলোচনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন উপন্যাসের। সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা উপন্যাসের আলোচনা লিখেছেন আহমদ মোস্তফা কামাল। রাহেল রাজিব লিখেছেন শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের আলোচনা। দেবেশ রায়ের তিস্তাপারের বৃত্তান্ত নিয়ে লিখেছেন চঞ্চল আশরাফ। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা নিয়ে লিখেছেন আনু মুহাম্মদ। সাদ কামালী লিখেছেন অভিজিৎ সেনের উপন্যাস রহু চণ্ডালের হাড় এর আলোচনা। হরিপদ দত্তের জন্মজন্মান্তর উপন্যাসের আলোচনা লিখেছেন পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। সূচি অনুযায়ী আলোচিত শেষ উপন্যাসটির নাম মরুস্বর্গ। আবুল বাশারের লেখা এই উপন্যাসটির আলোচনা লিখেছেন নওশের আলম।

আলোচনার কুশলতা, সুরুচি, অননুকরণীয় ভাষারীতি, স্বচ্ছতা, স্পষ্টতা, স্থাপত্য নির্মাণ কলার যদি অন্বয় ঘটে তাহলে সমালোচনা বা আলোচনা হয়ে যায় অনুসৃষ্টি। আলোচিত ছাব্বিশটি উপন্যাসের ক্ষেত্রে একথা বলা যায় আলোচনা হয়েছে প্রাণবন্ত এবং স্বাদু। তবে পাঠক একথা বলতেই পারেন দুই বাংলার লেখকদের এত উপন্যাস থাকতে কোন মানদণ্ডে বিশ শতকের এই ছাব্বিশটি উপন্যাস নির্বাচন করা হলো। এ প্রশ্নের জবাব মেলে সম্পাদকীয়তে। সম্পাদক লিখেছেন ‘সম্প্রীতি সম্পাদকীয় বিভাগ প্রাথমিকভাবে বিশ শতকের উপন্যাসগুলোর একটি তালিকা তৈরি করে। তারপর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মোট পনেরজন বিশিষ্ট সাহিত্য-ব্যক্তিত্বের মতামতের ভিত্তিতে তাঁদের স্বাক্ষর সম্বলিত চূড়ান্ত তালিকা প্রণয়ন করে।’ পাঠকের মনে আরেকটি প্রশ্নের উদয় হতে পারে। সেটি হলো- কীসের ভিত্তিতে সূচিক্রম সাজানো হয়েছে। এ প্রশ্নের জবাবে সম্পাদক লিখেছেন ‘ঔপন্যাসিকদের জন্ম-তারিখ অনুযায়ী আলোচনা ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে’। তবে একটি কথা না বললেই নয়- সূচিপত্রে আলোচিত উপন্যাসের পাশে লেখকের নাম থাকলে পাঠক উপকৃত এবং বর্তমান সংখ্যাটির নিজস্বতা আরও স্পষ্ট হতো। যেমন- অন্তর্জলীযাত্রা: কমলকুমার মজুমদার: কামরুজ্জামান জাহাঙ্গীর।

তুলনা, তালাশ, অনুসন্ধান, বিশেষণ, বিচার-বিবেচনা সমালোচনার আশ্রয়। সম্প্রীতির এ সংখ্যায় আলোচিত ছাব্বিশটি উপন্যাস নিয়ে আলোচনার ক্ষেত্রে এসবের আশ্রয় মেলে। যাইহোক, এসব উপন্যাস নিয়ে একসঙ্গে কোনো আলোচনার সংকলন ইতিপূর্বে আমাদের নজরে আসেনি। সেক্ষেত্রে সম্প্রীতির এই উদ্যোগ খানিকটা আলাদা মাত্রা দাবি করে বৈকি। রোদেলা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত সম্প্রীতির বিশ শতকের বাংলা উপন্যাস সংখ্যাটি ভালো কিছু করার সদিচ্ছার সচেষ্ট অনুশীল বলে মনে হয়েছে।
 
সম্প্রীতি ॥ সম্পাদক: স্বকৃত নোমান
প্রচ্ছদ: চারু পিন্টু
পৃষ্ঠা সংখ্যা: ২২৬
মূল্য: ১০০ টাকা।

ইমরুল ইউসুফ: সহপরিচালক, বাংলা একাডেমী imrulyousuf@yahoo.com

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান