ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণে বিভিন্নস্তরের জাতীয় পর্যায়ের প্রশিক্ষক, কর্মকর্তা ও শিক্ষাবিদদের পিটিআইগুলোতে অতিথি প্রশিক্ষক হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকদের যুগোপযোগী, আধুনিক ও তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ব্যাপারে পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, প্রশিক্ষণার্থীদের বহুমূখী জ্ঞান আহরণের সুবিধার্থে বিদ্যমান প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এ জাতীয়পর্যায়ের প্রশিক্ষক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য বিভাগীয় সরকারি কর্মকর্তাকে অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষক তালিকায় অন্তর্ভুক্তি করা হবে।
এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা এবং শিক্ষাবিদদের পিটিআইর অতিথি বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
পরিপত্রে বলা হয়, প্রাথমিক শিক্ষা জাতির উন্নয়নে প্রধান সোপান। এ শিক্ষাকে একবিংশ শতাব্দীতে আরো যুগোপযোগী করতে যুগান্তকারী এ পদক্ষেপ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বর্তমানে দেশের ৫১টি জেলায় ৫৫টি পিটিআই রয়েছে। সরকার আরও ১২টি জেলায় পিটিআই স্থাপনের কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমআইএইচ/ জেডএম