 |
ঢাকা: পাকিস্তানের ১৪ বছর বয়সী কিশোরি নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাইকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে।
ইতোমধ্যে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছে তালেবানদের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। গুরুতর অবস্থায় তাকে কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিবিসি নিউজ থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানায়, সংযুক্ত আরব আমিরাতের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়েছে। তার সঙ্গে গেছে পুরো একটি চিকিৎসক দল।
তথ্য মতে, যুক্তরাজ্যে নেওয়ার আগে, তালেবানের গুলিতে মাথায় আঘাত প্রাপ্ত মালালা ইউসুফজাইকে রাওয়ালপিণ্ডির একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের হাসপাতালে তার মাথা থেকে একটি বুলেট বের করা হয়েছে।
সূত্র আরও জানায়, মালালার মুখমণ্ডলসহ পুরো মাথা ভয়াবহ রকম ফুলে গেছে। তবে তালেবানদের হামলায় ডান হাতে আঘাত পাওয়া আরেক কিশোরী কাইনাতের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
দুই সপ্তাহের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
তালেবানরা পাকিস্তানের সোয়াত উপত্যকায় মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তার বিপক্ষে প্রচারাভিযান চালায় ১৪ বছর বয়সের এই কিশোরী। তালেবান অধ্যুষিত সোয়াত উপত্যকায় নারীশিক্ষার ওপর তালেবানি নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে বিবিসি অনলাইনের ব্লগে গুল মাকাই ছদ্মনামে লেখালেখি করে পরিচিত হয়ে ওঠে কিশোরী মালালা ইউসুফজাই।
গত মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানদের ছোড়া গুলিতে আহত হন মালালা।
এদিকে, পাকিস্তানের তালেবান সংগঠন মালালার ওপর হামলার দায় স্বীকার করেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানের পুলিশ ৬০ থেকে ৭০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২
এসএআর/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর