ঢাকা শহরে নিভৃতে বেড়ে উঠা নানা পেশার ভ্রাম্যমান কিছু মানুষের নতুন করে জীবন সংগ্রাম শুরুর কাহিনী নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘বেঁচে ওঠার গল্প’। স্বনাম গুপ্তের রচনায় ও সাইদুল ইসলাম রিংকুর পরিচালনায় গত ২৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে। বাংলা ড্রামা হাউজের প্রযোজনায় নির্মিত এ টেলিফিল্মটি আগামী ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
রচয়িতা স্বনাম গুপ্ত বলেন, টেলিফিল্মটির গল্পকে কোমল- কঠিন কয়েকটি খন্ডচিত্রের মাধ্যমে একই সুতোয় গাঁথায় হয়েছে।
কাহিনীতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন, পিতৃবিয়োগের পর শহরে এসে রাজনৈতিক কোন্দলের শিকার হয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। দীর্ঘ অনুপস্থিতিতে ছাত্রী পড়াতে গিয়ে জানতে পারে তার টিউশনিটা আর নেই। সর্বশেষ বেতন নিয়ে রাতে ফিরে আসার পথে ছিনতাই হয়ে সবর্স্ব হারায় মামুন, আহত হয় ছিনতাইকারীর আঘাতে। পাশে এসে দাঁড়ায় সহপাঠী রূপালি, সাহস জোগায় এগিয়ে যাবার। দীর্ঘ পরিশ্রমের ফলে মামুন বেকারত্ব জয় করে। সংসার বাঁধে রূপালি ও মামুন।
তিনি জানান, শফিক একজন পেশাদার ছিনতাইকারী, ভালবাসে যৌনকর্মী নূপুরকে। রমনা পার্কসহ আশপাশের এলাকায় ভাসমান যৌনকর্মী হিসেবে নূপুরের বিচরণ। শফিক একই এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধকর্মের সঙ্গে জড়িত। হঠাৎ একদিন শফিকের সঙ্গে নূপুরের পরিচয় হয়। এরপর থেকে তাদের সম্পর্ক বন্ধুতের দিকে মোড় নেয়। অন্যান্য দিনের মতো পার্কে খদ্দেরের আশায় বসে থাকে নূপুর। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুইপক্ষের সংঘর্ষের কারণে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মামুন তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে পার্কের দিকে চলে আসে এবং পার্কের বেঞ্চে বসে হাঁপাতে থাকে।
মামুনকে দেখে নূপুরের দয়া লাগে এবং তার পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে নূপুর জানতে পারে শফিক মামুনের কাছ থেকেও ছিনতাই করেছে। ছিনতাইয়ের সময় আঘাতপ্রাপ্ত মামুনের করুণ কাহিনী শুনে নূপুরের মনে ক্ষোভ জাগে। নূপুরের মনে হয় শফিক ধীরে ধীরে পশুতে পরিণত হয়েছে। নূপুর তাদের সম্পর্ক ছিন্ন করে, শফিক তার ভুল বুঝতে পেরে ছিনতাই ছেড়ে নতুন পেশা শুরুর মাধ্যমে আবার মন জয় করে নুপুরের।
ঘটনা দুইটি সমান্তরালে প্রবাহমান নদীর মতো এগিয়ে চলে। এর পাশাপাশি বর্তমান সময়ের অস্থিতিশীল ছাত্র রাজনীতি, পথশিশুদের অনৈতিক কার্যকলাপ, সাধারণ মানুষের আদর্শচুতি ইত্যাদি ঘটনা স্থান পেয়েছে এই গল্পের কাহিনীতে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার, নয়ন হোসাইন, কামাল বায়েজীদ, শাহেদ আলী সুজন, শান্তা ইসলাম, মোস্তফা রতন, সৌদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময় ১৫৫০, জুলাই ১০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন