ঝিনাইদহ: সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সাংবাদিকদের গণঅনশন শুরু হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে অনশনস্থলে সাংবাদিক, রাজনীতিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হতে থাকেন।
গণঅনশন চলাকালে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. মসিউর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাড. এম এ মুত্তলিব।
এ ছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এনটিভির মিজানুর রহমান বাবুল, সাবেক সভাপতি দিগন্ত টিভি ও নয়াদিগন্তের আলাউদ্দীন আজাদ, সহ সভাপতি কালের কন্ঠের এম সাইফুল মাবুদ, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলানিউজের আসিফ ইকবাল কাজল।
অনশনে প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের বিমল সাহা, চ্যানেল আই ও যায়যায়দিনের শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদ ও প্রথম আলোর আজাদ রহমান, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, দৈনিক জনতার আজিজুর রহমান সালাম, ডেইলী নিউ এজ’র দেলোয়ার কবীর, ডেইলী ষ্টারের আজিবর রহমান, ডেসটিনির কেএম সালেহ, খবরপত্র ও গ্রামের কাগজের রাজিব হাসান, দৈনিক লোকসমাজ ও আজকালের খবরের রবিউল ইসলাম রবিসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. মসিউর রহমান তার বক্তৃতায় বলেন মানুষের নিরাপত্তা একটি সাংবিধানিক অধিকার। প্রধানমন্ত্রী বেফাঁস মন্তব্য করে এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন।
তিনি আরও বলেন এই সরকার মুখে নিজেদেরকে মিডিয়া বান্ধব বলে দাবি করলেও পর্দার আড়াল থেকে টিভি চ্যানেল ও পত্রিকাগুলো নিয়ন্ত্রণ করছে। যে সব সাংবাদিক সরকারের বিরুদ্ধে সত্য তুলে ধরছেন তাদের হত্যাসহ নির্যাতন চলানো হচ্ছে বলে বলে মসিউর দাবি করেন।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ০১, ২০১২