‘প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ হাসিমুখে আনন্দধারা... তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই... হেঁটে হেঁটে বহু দূর বহু দূর যেতে চাই...’ গানটি গেয়ে এ প্রজন্মের তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠে শিরোনামহীন। শুধু এই গানই নয়, শিরোনামহীন ব্যান্ডের এমন অনেক গানই ছুঁয়ে গেছে তরুণ-তরুণীর হৃদয়।
বর্তমানে ব্যান্ডের ৫ম অ্যালবাম মুক্তির প্রস্তুতি নিচ্ছে শিরোনামহীন। টানা দুই বছর সাধনায় এ অ্যালবামের কাজ শেষ করেছে তার। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘শিরোনামহীন’। ‘আচ্ছা ঠিক আছে’, ‘কিছু কথা’, ‘আবার হাসিমুখ’ ও ‘আততায়ী’ সহ মোট ১০টি গান নিয়ে সাজিয়েছে এবারের অ্যালবামটি। গানের কথা লিখেছেন যথারীতি ব্যান্ডের সদস্যরা। সুর ও সংগীত পরিচালনা করেছেন নিজেরাই। গতবছর মর্ডান ইন্সট্রুমেন্টের সহযোগে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ বের করে তারা আলোচনার ঝড় তোলেন।
নতুন অ্যালবামটি নিয়ে ব্যান্ড সদস্য তুহিন বলেন, নাগরিক জীবনের প্রতিনিয়ত ঘটে যাওয়া বিষয়গুলোকে উপলব্ধি করেই গানগুলো লেখা হয়েছে। আগের ৪টি থেকে আলাদা করার চেষ্টা করেছি এবারের অ্যালবামটি।
অ্যালবামের মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগেই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ হবে অ্যালবামটি। এছাড়া বিভিন্ন মোবাইল কোম্পানি বা করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছি। তাদের সঙ্গে মতামতের ঠিক হলে সেখানে গানগুলো আগে মুক্তি পাবে। কোন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে অ্যালবামটি মুক্তি পাবে তা এখনও ঠিক করা হয়নি। তবে চেষ্টা থাকবে ঈদের আগেই অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া।
ব্যান্ডটির আরেক সদস্য জিয়া বলেন, এটি আমাদের পঞ্চম অ্যালবাম। বরাবরের মতো এবারও আমাদের গানগুলোয় অ্যাকুস্টিক যন্ত্র ব্যবহারের প্রাধান্য পেয়েছে। এ ছাড়া সাউন্ড কোয়ালিটির দিকে বেশ নজর দিয়েছে। কাজটি ভিন্ন হয়েছে। শ্রোতাদেরও এটি ভালো লাগবে।
শিরোনামহীন ব্যান্ডের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারুকলা থেকে। সময়টা ছিল ১৯৯৬ সাল। টিএসসি, মধুর ক্যান্টিন, হাকিম চত্বর আর আর্টস ক্যাফেটেরিয়ার আড্ডায় কয়েকজন সঙ্গীতপ্রেমী তরুণ খালি গলায় গান গাইতে গাইতেও একসময় সিদ্ধান্ত নেয় ব্যান্ড গঠনের। প্রথমে গান গাওয়া হতো টেবিল চাপড়ে, এরপর একটা অ্যাকুয়েস্টিক গিটার, একটা কি-বোর্ড; এভাবেই আস্তে আস্তে একটি পূর্ণাঙ্গ ব্যান্ডে রূপান্তরিত হয় শিরোনামহীন। ‘মিলেনিয়াম ইয়ার’ ২০০০ সালে সম্পূর্ণ ইন্সট্রুমেন্ট নিয়ে নতুন করে শুরু করে শিরোনামহীন।
শিরোনামহীন ব্যান্ডের ছয় সদস্য—তুহিন (কণ্ঠ), জিয়া (বেজ), শাফিন (ড্রামস), রাজীব (কিবোর্ড), রিয়াদ (গিটার) ও তুষার (গিটার)। ব্যান্ড দল শিরোনামহীনের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ বাজারে আসে ২০০৪ সালে। এরপর প্রতি দুই বছর অন্তর নিয়মিতভাবেই তারা অ্যালবাম প্রকাশ করে চলেছেন। ডেব্যু অ্যালবামটির পর একে একে বের হয়েছে তাদের ‘ইচ্ছে ঘুড়ি’, ‘বন্ধ জানালা’ ও ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ নামের ৩টি অ্যালবাম।
বাংলাদেশ সময় ১৪৩০, জুলাই ২৫, ২০১২ সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।