ঢাকা: এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৪৬৬তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের আকার হবে ১০০ কোটি টাকা। প্রতিটি ১০ টাকা ফেস ভ্যালুর ১০ কোটি ইউনিট ছেড়ে ফান্ডটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।
যার মধ্যে উদ্যোক্তা অংশের ৫০ কোটি টাকা এরই মধ্যে সংগৃহীত হয়েছে। অবশিষ্ট ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে সংগ্রহ করা হবে।
আরও জানানো হয়, স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৪০ কোটি টাকা (ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ২০ শতাংশ কোটাসহ), প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৫ কোটি টাকা ও মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৫ কোটি টাকার সমপরিমান কোটা বরাদ্দ রাখা হয়েছে।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর