 |
ঢাকা: পুলিশের সঙ্গে বাহরাইনের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৬ বছর বয়সী এক বালক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
বাহরাইনের মানবাধিকার সংগঠন ‘বাহরাইন সেন্টার পর হিউমান রাইটস’ জানায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় হুসাম আল হাদ্দাদ নামের ওই বালককে নিরাপত্তা কর্মীরা মারাত্মকভাবে পেটায়। পিটুনি জনিত আঘাতেই সে মারা যায় বলে দাবি করেছে তারা।
রাজতন্ত্র শাসিত উপসাগরীয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। তবে তাদের দাবি পেট্রোল বোমা নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর সময় আহত হয় ওই বালক।
এক বিবৃতিতে তারা ওই বালককে সন্ত্রাসী হিসেবে অভিহিত করে দাবি করে পুলিশ শুধু আত্মরক্ষার চেষ্টা করছিলো।
তবে সরকারের দাবি প্রত্যাখ্যান করে মানবাধিকার সংগঠনসহ সরকার বিরোধীরা দাবি করেছে শটগানের গুলিতে আহত ওই বালককে নিরাপত্তা বাহিনীর সাদা পোশাকের সদস্যরা ক্রমাগত লাথি মারে। পরিবারের সদস্যরা ওই বালককে পরে মারাত্মত আহতবস্থায় উদ্ধার করে বলে জানায় তারা।
২০১০ সালে বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫০ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। বিক্ষোভকারীরা দেশটিতে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর