ব্যতিক্রমী রিয়েলিটি শো ‘ফরগটেন রুটস’। এই রিয়েলিটি শোতে শেকড়ের সন্ধানে ১৬ দিনের প্রতিযোগিতায় ২১টি চ্যালেঞ্জে অংশ নেন দশ প্রবাসী বাংলাদেশী। তারা সবাই ইউরোপ আমেরিকায় জন্ম নেয়া ২য় বা ৩য় প্রজন্মের বাংলাদেশী। দেশের মাটি , মানুষ, সংস্কৃতি আর ইতিহাস- ঐতিহ্যের সাথে মিশে যেতে তাদের দেশে আসা।
এই ২১টি চ্যালেঞ্জ নিয়ে তৈরি হয়েছে ২৬ পর্বের রিয়েলিটি শো ফরগটেন রুটস। অনুষ্ঠানটি দেখানো হচ্ছে এটিএন বাংলায় প্রতি শুক্র ও শনি বার রাত ৮টায়
‘ফরগটেন রুটস’ –এর এবারের পর্বে দেখানো হবে মুক্তিযুদ্ধের গেরিলা ট্রেনিং। এটি যদিও প্রতিযোগিতা কিন্তু ট্রেনিং একেবারে সত্যিকারের। মুক্তিযুদ্ধের চেতনার সাথে একাকার হয়ে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধের সেই আবেগ নিয়ে এই আয়োজন। আর ট্রেনিং দিবেন বীর মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট কর্ণেল (অব:) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক ।
এ প্রসঙ্গে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা’বে জানায় , ‘আমাদের উদ্দেশ্যটা ছিল আবেগের কোন পর্যায় থেকে অনুপ্রানিত হয়ে কত অল্প সময়ের মধ্যে কিছু অদক্ষ মানুষ কিভাবে একটি বৃহৎ দক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে।হয়তো এই আবেগটা বা ভালোবাসার নাম স্বাধীনতা। বলতে পারেন এটা মুক্তিযুদ্ধকে অনুভব করার ছোট্ট একটা প্রচেষ্টা।’
এবারের পর্বে দেখানো হবে মুক্তিযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার চিত্র কিভাবে নতুন প্রজন্মের প্রবাসীরা ধারন করেছে। জানা যায় এ পর্বের চিত্র ধারনের সময় প্রতিযোগীরা আবেগ আপ্লুত হয়ে পড়ে।
দর্শকদের ভোটে নির্বাচিত হবেন চ্যাম্পিয়ন আর প্রতিযোগিতায় মোট পয়েন্ট ১৯৭১। চ্যাম্পিয়নের হাতে তুলে দেয়া হবে ১০হাজার পাউন্ড অর্থাৎ প্রায় বার লাখ টাকা। প্রবাসী পল্লী নিবেদিত অনুষ্ঠানটির আয়োজক যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ডেল্টা‘বে এবং পিলার প্রোডাকশন।
বাংলাদেশ সময় ১১৩০, জুন ৩০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক