 |
চট্টগ্রাম: বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও মসৃণ করতে মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শ চেয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ইছানগরে কোস্টগার্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ পরামর্শ চান। এ সময় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সেখানে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঞ্চে বসা মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও মসৃণ করতে আপনি সবসময় পরামর্শ দেবেন।”
কোস্টগার্ডকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনটি মেটাল শার্ক অ্যাম্বুলেন্স বোট হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “কোস্টগার্ডের দস্যুদমন অভিযানের মাধ্যমে নিরলস প্রচেষ্টার কারণে চট্টগ্রাম বন্দরে জলদস্যুতা শূন্যের কোটায় নেমে এসেছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো বাংলাদেশকে পাইরেসি ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা থেকে বাদ দিয়েছে।”
তিনি বলেন, “গত অর্থবছরে কোস্টগার্ড প্রায় ৭’শ কোটি টাকার অবৈধ দ্রব্য আটক করেছে। আগের বছরের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অবৈধ মালামাল তারা আটক করতে সক্ষম হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে প্রায় ৫৮০ কিলোমিটার উপকূলীয় জলসীমা আছে। এ বিশাল জলসীমা রক্ষা করা বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ। কারণ এ সীমানাপথ জলদস্যুতা, সন্ত্রাস, অস্ত্র, মাদক চোরাচালান এবং মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ।”
তিনি বলেন, “জলসীমা নিরাপদ রাখতে কোস্টগার্ডকে একটি কার্যকরী ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে যাচ্ছে।”
আগামী বছর কোস্টগার্ডকে প্রতিটি ৩৮ ফুট দীর্ঘ আরও ৬টি মেটাল শার্ক অ্যাম্বুলেন্স বোট দেয়া হবে বলে মার্কিন রাষ্ট্রদূত জানান।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশ আগামী দু’দশকে এশিয়ান টাইগারে পরিণত হবে। বাংলাদেশ হবে আগামীর অর্থনৈতিক পরাশক্তি। এছাড়া বিশ্বের বৃহৎ তৈরি পোশাক রপ্তারিকারক দেশও হবে বাংলাদেশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেন এবং ইউএস ওয়েস্টার্ণ প্যাসিফিক লজিস্টিকস কমান্ডার রিয়ার অ্যাডমিরাল থমাস এস কার্নি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
আরডিজি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর